‘গ্যালিলিও’ আবার মঞ্চে আনছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ‘অপেক্ষমাণ’। এটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। এখানে তিনিও অভিনয় করেছেন। কথা হলো তাঁর সঙ্গে।‘অপেক্ষমাণ’ নাটকটির আজ কততম প্রদর্শনী হচ্ছে?দ্বিতীয় প্রদর্শনী। আন্তর্জাতিক ইবসেন উত্সবে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। উত্সব উপলক্ষে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের আমন্ত্রণে নাটকটি তৈরি করেছি।তিনটি চরিত্রই খুব উল্লেখযোগ্য। এ নাটকে তাদের দর্শক কীভাবে দেখবে?অপেক্ষমাণ নাটকে তারা তিনজনই একটি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে। নোরা যাচ্ছে শেকড়ের সন্ধানে, মানুষ হিসেবে পরিচয় খুঁজে পেতে; স্টকম্যান আত্ম আবিষ্কারের জন্য, আর প্রৌঢ় চিত্রশিল্পী নব সূর্যোদয়ের ছবি আঁকতে। সেই উদ্দেশ্যের দিক থেকে তাদের একটা মিলন ঘটে। এখানে আমি অভিনয় করেছি। আরও আছেন অপি করিম ও পান্থ শাহরিয়ার।নাটকটির নিয়মিত প্রদর্শনীর সম্ভাবনা আছে?দেখুন, আমাদের নাগরিক নাট্য সম্প্রদায়ের ছয়টি নাটক এখন নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। মিলনায়তন-সংকটের কারণে মাসে দুটোর বেশি প্রদর্শনীর সুযোগ হয় না। এদিকে আবদুল্লাহ আল-মামুনের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর এখন দুঃসময় নাটকটি আমার নির্দেশনায় মঞ্চে এসেছে। এই দুটো নাটকই নিয়মিত করার ইচ্ছা আছে।আপনার নির্দেশনায় নাকি পুরোনো একটি নাটক মঞ্চে আসছে?হ্যাঁ, গ্যালিলিও। একসময় নাটকটির নিয়মিত প্রদর্শনী হতো। অনেক দিন করা হয়নি। ইদানীং আলী যাকের আবার নাটকটি করার ব্যাপারে আগ্রহী হয়েছেন। তাঁর কারণেই ১০-১২ দিনের মধ্যে নতুন করে নাটকটির মহড়া শুরু করতে যাচ্ছি। আশা করছি, এপ্রিল মাস নাগাদ গ্যালিলিও মঞ্চে আনা সম্ভব হবে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, এই নাটকে এর আগেও কিন্তু আলী যাকেরই অভিনয় করেছিলেন।