সম্প্রতি কলকাতা থেকে নাটক মঞ্চস্থ করে ফিরল নাগরিক নাট্যসম্প্রদায়। উৎপল দত্তের মৃত্যুবার্ষিকীতে পিপল্স লিটল থিয়েটার আয়োজিত এ উৎসবে নাগরিক নাট্যসম্প্রদায়ের ছায়ানট নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশক আলী যাকের। উৎপল দত্তের মৃত্যুবার্ষিকীতে তাঁর দল আয়োজিত উৎসবে তাঁরই লেখা নাটক পরিবেশন করলেন। অনুভূতি কেমন?অনুভূতি খুবই ভালো। এটা আমাদের জন্য সম্মানের যে উৎপল দত্তের লেখা সম্ভবত প্রথম নাটকই বাংলাদেশে আমরা মঞ্চে এনেছি। তাঁর মৃত্যুবার্ষিকীতে পিএলটির উৎসবে আমরা নাটকটি পরিবেশন করতে পেরেছি। আমরা যাঁরা তাঁর অভিনীত নাটক দেখেছি, তাঁরা ছাড়া আমাদের দলের নতুন প্রজন্মের শিল্পীদের কাছে উৎপল দত্ত খুবই প্রিয়। যদিও তাঁরা উৎপল দত্তের অভিনয় দেখার সুযোগ পাননি। দলের অনেক সদস্যই আছেন, যাঁরা উৎপল দত্তের বেশ কয়েকটি নাটকই পুরো মুখস্থ করে ফেলেছেন। উৎপল দত্তের অনেক নাটকই মাইলফলক হয়ে আছে। কলকাতায় নাটকটির প্রদর্শনীতে দর্শকের মতামত কী?আমরা ওখানে নাটকটির দুটি প্রদর্শনী করেছি। একটি করেছি শিশির মঞ্চে, আরেকটি রবীন্দ্রসদনে। দুটি প্রদর্শনীতেই বিপুল দর্শক নাটকটি উপভোগ করেছে। এ বাংলা সম্পর্কে ওখানকার মানুষের ধারণা যে এখানকার বাঙালিরা প্রমিত বাংলায় কথা বলতে পারে না। কিন্তু আমরা সেই ধারণা পাল্টে দিয়ে উৎপল দত্ত যেভাবে লিখেছেন, আমাদের শিল্পীরা সেভাবেই অভিনয় করে ওখানকার দর্শক জয় করেছেন। ওখানে আমাদের শিল্পীদের অভিনয়ের মধ্যেও ছিল স্বতঃস্ফূর্ততা। এতে দুটি প্রদর্শনীতেই দর্শকের প্রশংসা পেয়েছি।আপনি কি এর আগে উৎপল দত্তের এই নাটকটি দেখেছেন?না, পিএলটি সত্তরের দশকে নাটকটি নিয়মিতই মঞ্চায়ন করত। সেই সময় নাটকটিতে তিনি নিজেও অভিনয় করেছেন। তবে এই নাটকটি আমার দেখার সৌভাগ্য হয়নি। তবে তাঁর বিখ্যাত নাটক টিনের তলোয়ার, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, ফেরারি ফৌজ, অঙ্গার প্রভৃতি নাটক দেখেছি।আপনি এর আগে বলেছিলেন, শিগগিরই ‘গ্যালিলিও’ মঞ্চে আসবে। তা কবে?মোটামুটি প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন মহড়ায় যাব। যেহেতু নাটকটি আমরা একসময় টানা মঞ্চায়ন করতাম, ফলে মহড়া শুরু করলে দু-তিন মাসের মধ্যেই নাটকটি মঞ্চে আনতে পারব। এই নাটকটিতে আমি আগেও গ্যালিলিও চরিত্রটি করতাম, আবারও করব। নাটকটির নির্দেশনায় আছেন আতাউর রহমান। আবার কেন নাটকটি মঞ্চে আনবেন?এই নাটকটি নব্বইয়ের দশকের শুরুতে মঞ্চে আসে, শেষ নাগাদ বন্ধ হয়ে যায়। সেই সময় ঢাকার মঞ্চে নাটকটি ব্যাপক জনপ্রিয় ছিল। এই নাটকটি সম্পর্কে এই প্রজন্মের নাট্যকর্মী ও দর্শকের মধ্যে কৌতূহল আছে। এ ছাড়া আগে যাঁরা নাটকটি দেখেছেন, তাঁরা আবারও নাটকটি দেখতে আগ্রহী। গ্যালিলিও নাটকটির মধ্যে অন্য রকমের তাৎপর্য আছে। আমাদের সমাজে সনাতনপন্থীদের ভিড় বেশি। এ অবস্থায় বৈজ্ঞানিক চিন্তাধারায় গ্যালিলিও বড় ভূমিকা রাখবে। তাই এই সময়ে নাটকটি আবারও মঞ্চে আনতে যাচ্ছি।নতুন কোনো নাটকের নির্দেশনা নিয়ে ভাবছেন কি?নাগরিক থেকে সর্বশেষ কাঁঠালবাগান নাটকটি মঞ্চে এনেছি। এ পর্যন্ত নাটকটির প্রায় ১০-১২টি প্রদর্শনী হয়েছে। অন্যদিকে গ্যালিলিও মঞ্চে আসছে। আশা করছি, গ্যালিলিও মঞ্চে ওঠার পরপরই নতুন নাটকের কাজ হাতে নেব।