'গৎবাঁধা অভিনয় ভালো লাগে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: রওনক হাসান। আরটিভিতে আজ প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক নোয়াশাল। লিখেছেন কামরুল হাসান। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মীর সাব্বির

রওনক হাসান
রওনক হাসান


আপনার মুঠোফোনের ওয়েলকাম টিউনে ‘আহা কী আনন্দ’ গানটা বাজছিল। খুব প্রিয় গান বুঝি?
হ্যাঁ। সব সময় আনন্দে থাকার চেষ্টা করি। তবে এই গানটা রেখেছি একটা ভাবনা থেকে। যিনি ফোন করেছেন, গানটা শুনেই যেন তাঁর মনটা ভালো হয়ে যায়। তা ছাড়া আমি সত্যজিৎ রায়ের খুব ভক্ত। তাঁর হীরক রাজার দেশে ছবিটাও আমার ভীষণ প্রিয়। গানটা এই ছবিতে ব্যবহার করা হয়েছিল।
‘জন্তর মন্তর’...
আমার মনে হয়, নাটক তৈরি করতে যন্ত্র লাগে, মন্ত্রও লাগে। তাই সত্যজিৎ রায় থেকে অনুপ্রাণিত হয়েই আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছি ‘জন্তর মন্তর’। এখন পর্যন্ত এখান থেকে চারটা নাটক তৈরি হয়েছে।
‘নোয়াশাল’ আর নোয়াখালীর আঞ্চলিক ভাষা...
নোয়াশাল নাটকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হচ্ছে। চ্যানেল আইয়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নাটকেও তা-ই। আমার গ্রামের বাড়ি কুমিল্লা। নাটকের প্রয়োজনে অনেক অঞ্চলের ভাষাতেই কথা বলতে হয়।
যে চরিত্র মনে মনে খুঁজি...
এমন চরিত্র চাই, যেটা আমাকে রাতে ঘুমাতে দেবে না। পোশাক কী হবে, চরিত্রটা কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে—ভেবে ভেবে যেন অস্থির হয়ে যাই। এই রোমাঞ্চটা আমি চাই।
‘অন্য রকম’-এর খোঁজে...
গৎবাঁধা অভিনয় ভালো লাগে না। একই চাহনি, একই রকম সংলাপ দিয়ে একঘেয়ে হতে চাই না। সব সময় অন্য রকম কিছু করতে চেয়েছি। কখনো এমন হয়েছে, পরিচালক নায়কের চরিত্র নিয়ে আমার কাছে এসেছেন। আমি পার্শ্বচরিত্রটা বেছে নিয়েছি।
নাটক আর অভিনয় ছাড়া একটা সময়...
অসম্ভব। রওনক বেঁচে আছে আর অভিনয় করছে না, এমনটা ভাবতেই পারি না।
অন্য খবর...
স্বাধীনতা দিবস উপলক্ষে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় একটা নাটক করলাম। একটা বাণিজ্যিক ছবিতে অভিনয় নিয়েও কথা চলছে। আমার কাছে সিনেমা দুই প্রকার। ভালো সিনেমা, খারাপ সিনেমা। করলে ভালোটাই করব, সে আশ্বাস দিচ্ছি।