‘ঘণ্টা অ্যাওয়ার্ড’ জিতলেন ঐশ্বরিয়া
ফিল্ম ফেয়ার, স্টার ডাস্ট, জি সিনে অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কারের পাশাপাশি বলিউডে আরেকটি অ্যাওয়ার্ডের প্রচলন রয়েছে, নাম ‘ঘণ্টা অ্যাওয়ার্ড’। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বিরক্তিকর সব কার্যক্রমের জন্য এ পুরস্কার দেওয়া হয়। জানা গেছে, বলিউডের যে ছবিগুলো দর্শকদের বিরক্তির কারণ হিসেবে বিবেচিত হয়, সেগুলো থেকে ঘণ্টা অ্যাওয়ার্ডের জন্য বাছাই করা হয়। এবারের ঘণ্টা অ্যাওয়ার্ডের জন্য ২০০৯ সালের দিওয়ালি হতে ২০১০ সালের দিওয়ালিতে অংশ নেওয়া বেশ কয়েকটি ছবি বাছাই করা হয়।কর্তৃপক্ষের বিচার বিশ্লেষণের পর এবারের ঘণ্টা অ্যাওয়ার্ডে সবচেয়ে বাজে অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর বাজে অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন হিমেশ রেশমিয়া।এদিকে ২০১০ সালে ঘণ্টা অ্যাওয়ার্ডে সবচেয়ে বাজে ছবির খেতাব জিতেছে ‘প্যায়ার ইম্পসিবল’। এ ছাড়া অন্যান্য বিভাগে পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন জায়েদ খান (বাজে পার্শ্ব অভিনেতা), লারা দত্ত (বাজে পার্শ্ব অভিনেত্রী), সাজিদ খান (বাজে পরিচালক), উদয় চোপড়া ও প্রিয়াংকা চোপড়া (সবচেয়ে বাজে দম্পতি) এবং আদিত্য নারায়ণ (সেরা বাজে নবাগত)।