'ঘাসফুল'-এর উদ্বোধনী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাসফুল চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীর আগে প্রেক্ষাগৃহের বাইরে লাল গালিচায় দঁাড়িয়ে মায়ের পাশে আবেগাপ্লুত পরিচালক আকরাম খান l ছবি: প্রথম আলো
ঘাসফুল চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীর আগে প্রেক্ষাগৃহের বাইরে লাল গালিচায় দঁাড়িয়ে মায়ের পাশে আবেগাপ্লুত পরিচালক আকরাম খান l ছবি: প্রথম আলো

ঘাসফুল চলচ্চিত্রটির জন্মকথা শোনাচ্ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এক নারীর ফোন থেকেই সূচনা। তিনি সাগরকে জিজ্ঞেস করেছিলেন, টিভি নাট্য পরিচালক আকরাম খানের নাটক দেখেছেন কি না। ‘হ্যাঁ সূচক উত্তর পাওয়ার পর সেই নারী সরাসরি বলেন, তাঁকে দিয়ে সিনেমা বানাচ্ছেন না কেন?
ফরিদুর রেজা সাগর ঠিক করলেন, আকরামকে দিয়ে ছবি বানাবেন। যে নারী সাগরের সঙ্গে কথা বলছিলেন, তিনি আকরাম খানের মা শরফুন্নেসা খান।
এবার লালগালিচা দিয়ে ফরিদুর রেজা সাগরের দিকে এগিয়ে গেলেন মা-ছেলে। করতালির মধ্য দিয়ে যখন তাঁরা সাগরের পাশে দাঁড়ালেন, তখন দুজনের চোখেই জল। জীবনে প্রথম চলচ্চিত্র নির্মাণ করে আকরাম খান ছিলেন রোমাঞ্চিত। আকরামই একে একে ছবির কলাকুশলীদের ডেকে নিলেন কাছে।
এ ঘটনাগুলো ঘটেছে গতকাল সোমবার বেলা একটায় যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাসে। এদিন ছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ঘাসফুল-এর উদ্বোধনী প্রদর্শনী। যমুনা গ্রুপের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আলমগীরও বক্তব্য দেন। আকরাম খান ও মোহাম্মদ আলমগীরের হাতে ছবির পোস্টার তুলে দেন ফরিদুর রেজা সাগর। লাল ফিতা কেটে প্রিমিয়ার শোর উদ্বোধন করেন আকরাম খানের মা শরফুন্নেসা খান।
১৫ মে থেকে ঘাসফুল চলবে যমুনা ব্লক বাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা সিনেওয়ার্ল্ড, পূরবী (ময়মনসিংহ)সহ দেশের বিভিন্ন জেলার আরও বেশ কিছু সিনেমা হলে।