
নাজনীন হাসান চুমকী। মঞ্চ ও টিভি অভিনয়শিল্পী। করছেন লেখালেখি, নাটক পরিচালনাও। আজ রাতে আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক নোয়াশাল। নাটকটিতে অভিনয় করেছেন চুমকী। কথা হলো তাঁর সঙ্গে
কেমন আছেন?
ভালো আছি। বাসায় আছি।
আজ (রোববার) কোনো শুটিং নেই?
না। দুই সপ্তাহের মতো দেশের বাইরে থেকে ৪ জুলাই ফিরলাম। এসেই ঈদের নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি।
বেড়াতে গিয়েছেলেন, নাকি শুটিংয়ে?
শুধুই বেড়াতে। চমৎকার কয়েকটি শহরে ঘুরে বেড়িয়েছি। এগুলো হচ্ছে ইস্তাম্বুল, বার্সেলোনা, প্যারিস, ভেনিস ও রোম। দুই সপ্তাহ যে কীভাবে পার হয়েছে, টেরই পাইনি।
আপনি বুঝি বেড়াতে খুব ভালোবাসেন?
একদম সত্যি কথা। সবাই যখন বছরের শুরুতে বিভিন্ন কাজের পরিকল্পনা করে, আমি ও আমার স্বামী তখন বেড়ানোর কথা ভাবি। ২০০২ সালে আমার বিয়ে হয়। তার পর থেকে এখন পর্যন্ত প্রতিবছর সেভাবে চলছে। ঘুরে বেড়াতে আমার দারুণ লাগে। সেটা হোক দেশে কিংবা দেশের বাইরে।
দেশে ও দেশের বাইরে যে জায়গাটাতে বেড়াতে অনেক ভালো লেগেছে...
বাংলাদেশের মধ্যে রাঙামাটি। স্বামীর সঙ্গে বিয়ের পর গিয়েছিলাম দার্জিলিং। ওই বেড়ানোটা আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ ছাড়া দেশের বাইরে ভুটান আমার প্রিয়।
কোন দেশের খাবার সবচেয়ে বেশি ভালো লেগেছে?
কাকতালীয় হলেও সত্য, স্বামীর সঙ্গে যতবারই দেশের বাইরে গিয়েছি, কীভাবে যেন সে ভাত-ডালের সন্ধান পেয়ে যায়। এবার তো আমরা ভেনিসে খিচুড়ি রান্না করে খেয়েছি!
ভ্রমণ যে আপনার খুব প্রিয়, তা জানা গেল। বই পড়ার প্রতিও কি তেমন আগ্রহ?
একদম সে রকম। সময় পেলেই বই পড়ার চেষ্টা করি। আর ভ্রমণে তো সঙ্গী থাকে বই। এবারের ১৪ দিনের ভ্রমণে হরিশংকর জলদাসের দহনকাল বইটি পুরো শেষ করেছি।
আপনি নিজেও তো লেখালেখি করেন। আপনার লেখালেখির বিষয়বস্তু কী?
টুকটাক লেখালেখির চেষ্টা করি। মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা আমার লেখালেখির বিষয়বস্তু।
বলছিলেন এবার ঈদের নাটক পরিচালনা করবেন। সেটা লেখারই কাজ করছেন?
যেহেতু ঈদের জন্য নাটক লিখছি, তাই ভিন্ন বিষয় বেছে নিয়েছি। নাটকের বিষয় হচ্ছে ‘প্রেম’। নাটকের নাম প্রেম নাকি ভালোবাসা। অনেকেই বলে থাকেন, আগের প্রেম আর এখনকার প্রেমের মধ্যে পার্থক্য আছে। আমার নাটকের মধ্য দিয়ে ৯০ দশকের প্রেম আর বিংশ ও একবিংশ শতাব্দীর প্রেমের ধরনটা দেখানোর চেষ্টা করব।
আজ রাতে নোয়াশাল নাটকটি দেখানো হবে...
এটা আমার জীবনের অবাক করে দেওয়া একটি কাজ। এই নাটকে আমি পাগলের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রে অভিনয় করে প্রতিমুহূর্তে মনে হয়েছে, যদি মীর সাব্বির না হতো, তাহলে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারতাম না। নির্মাতা মীর সাব্বিরের দারুণ ভক্ত আমি।
মনজুর কাদের