‘ঘেটুপুত্র কমলা’র মুক্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় শ বছর আগে হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামের এক বৈষ্ণব আখড়ায় ঘেটুগান নামের নতুন সংগীতধারা সৃষ্টি হয়েছিল। মেয়ের পোশাক পরে কিছু রূপবান কিশোর নাচ-গান করত। এদের নামই ঘেটু। গান হতো প্রচলিত সুরে, যেখানে উচ্চাঙ্গ সংগীতের প্রভাব ছিল স্পষ্ট। অতি জনপ্রিয় এই সংগীতধারায় নারীবেশী কিশোরদের উপস্থিতির কারণেই এর মধ্যে অশ্লীলতা ঢুকে পড়ে। বিত্তবানেরা এসব কিশোরকে যৌনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য লালায়িত হতে শুরু করেন। এ কাহিনি নিয়ে নন্দিত ঔপন্যাসিক ও চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদ নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। নির্মাতা নেই, কিন্তু রয়ে গেছে তাঁর সৃষ্টি। হুমায়ূন আহমেদের নির্মিত শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। হুমায়ূন আহমেদ নিউইয়র্কে চিকিত্সারত অবস্থায় শেষবারের মতো দেশে এসেছিলেন গত মে মাসে। তখন তিনি তাঁর শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের নিয়ে স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী উপভোগ করেছিলেন। এর পর গত বুধবার বলাকা সিনেওয়ার্ল্ডে এক প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছিল। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, ঘেটুপুত্র কমলার চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শিশুশিল্পী মামুন, অভিনেতা তারিক আনাম খান, চিত্রতারকা ববিতা, সুচন্দা প্রমুখ।ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নন্দিত চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা মুক্তি পাবে ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড ও স্টার সিনেপ্লেক্সে। ছবিটি পর্যায়ক্রমে দেশব্যাপী মুক্তি পাবে। ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, শামিমা নাজমিন, প্রাণ রায়, বাউলশিল্পী কুদ্দুস বয়াতি ও তাঁর দল, আইনুন নাহার, আবদুল্লাহ রানা, রফিকুল ইসলাম প্রমুখ। ঘেটুপুত্র কমলার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা শিশুশিল্পী মামুন। ছবির শুটিং হয়েছে হবিগঞ্জে। রণজিত্ দাসের একক চিত্রকলা প্রদর্শনী গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে আজ শুক্রবার থেকে শিল্পী রণজিত্ দাসের র্যাম শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যা ছয়টায় ২২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার হেদার ক্রডেন। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা প্রায় ৩৩টি। প্রদর্শনী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে।কালার অব টাইমগুলশানের ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচারে আজ থেকে শুরু হচ্ছে ‘কালার অব টাইম’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। আজ সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রীলঙ্কার হাইকমিশনার শরত্ ভিরাগদা। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছায়ানটের মাসিক শ্রোতার আসরআজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ছায়ানটের নিয়মিত মাসিক শ্রোতার আসর। শ্রোতার আসরে এবারের শিল্পী ইয়াসমিন মুশতারী ও মির্জা বুশরা ফাতিমা। ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সবার জন্য উন্মুক্ত এ গানের আসর বসবে।