‘চন্দ্রগ্রহণ’ নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত ফলাফল তৈরি হয়নি এখনো। গত ৩১ ডিসেম্বর ফলাফল চূড়ান্ত করে নতুন বছরের শুরুতেই তা সরকারিভাবে ঘোষণা করার কথা ছিল। কিন্তু চন্দ্রগ্রহণ ছবির মালিকানা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এখন বিচারকেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তথ্য মন্ত্রণালয় ও জুরি বোর্ডের একাধিক কর্মকর্তার কাছ থেকে জানা গেছে, চন্দ্রগ্রহণ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেন আজম ফারুক। অন্যদিকে পুরস্কারের জন্য চূড়ান্ত বৈঠকের আগেই ইমপ্রেস টেলিফল্ম কর্তৃপক্ষ তথ্যসচিবের কাছে নিজেদের চন্দ্রগ্রহণ ছবির ক্রয়সূত্রে মালিক দাবি করে চিঠি দিয়েছে। চিঠির সঙ্গে ছবির ক্রয়সংক্রান্ত দলিলও জমা দেওয়া হয়। ফলে ছবির মালিকানা নিয়ে জটিলতা শুরু হওয়ায় বিচারকেরা পুরস্কারের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। জুরি বোর্ডের চেয়ারম্যান ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা নতুন বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিলাম। সে জন্যই ৩১ ডিসেম্বর ফলাফল চূড়ান্ত করতে বৈঠক করেছি। কিন্তু চিঠির জন্য তা পিছিয়ে যায়। চিঠির বিষয়ে জুরি বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তাই এখন আইনজ্ঞদের কাছে সহায়তা চাওয়া হয়েছে। তাঁদের মতামত পাওয়ার পরই আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করব।’জুরি বোর্ড সূত্র জানিয়েছে, যদি বেশি জটিলতা হয়, তবে ছবিটিকে পুরস্কারের জন্য বিবেচনা করা নাও হতে পারে। আজ সোমবার সকালে আইনজ্ঞদের মতামত নিয়ে জুরি বোর্ডের সদস্যরা আবার বৈঠক করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।