'চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলন
মিলন

মিলন। প্রথম অভিনয় করেন মঞ্চে। এরপর টিভি নাটকে, আর এখন টিভির পাশাপাশি অভিনয় করছেন চলচ্চিত্রে। আজ এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক নির্বিকার মানুষ। তাঁর অভিনীত এই ধারাবাহিকটির আজ শততম পর্ব প্রচারিত হবে।
‘নির্বিকার মানুষ’...
নাটকটির কাজ শুরু করেছিলাম অনেক আগে। শুরুতে এই নাটকের নাম ছিল একজন নির্বিকার মানুষ। নাম শুনেই মুগ্ধ হয়েছিলাম। অসামঞ্জস্যপূর্ণ সামাজিক অবস্থার পাশাপাশি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হলো এই নাটকের ভাবনা। নীরব প্রতিবাদ যে কখনো কখনো কতটা কার্যকর হয়, তা এখানে চমৎকারভাবে দেখানো হয়েছে।
নিজেই যখন নীরব প্রতিবাদী...
আমরা হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প নাটকের কাজ করছিলাম। তখন জানতে পারি, বিমানবন্দরের সামনে একটি সংগঠন ভাস্কর্য ভেঙে ফেলছে। ঘটনাটি জানার পর হুমায়ূন আহমেদ নিজে থেকে বিটিভিতে নাটকটির প্রচার বন্ধ করে দেন। আমরা শিল্পীরাও নীরব প্রতিবাদ হিসেবে এই নাটক থেকে নিজেদের গুটিয়ে নিই।
আমার অন্য নাটকগুলো...
নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছি না। অলসপুর, ঘোমটা—এই দুটি ধারাবাহিকে অনেক আগে কাজ করেছি। এখন বেছে বেছে এক ঘণ্টার কিছু কাজ করছি। এরই মধ্যে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কাওনাইন সৌরভের একটি নাটকে অভিনয় করেছি।
ঈদের কাজ...
ঈদের কয়েকটি কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। নির্মাতারা হলেন চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, সাহেন উন নবী এবং জাকারিয়া সৌখিন।
চলচ্চিত্রে নিয়মিত অভিনয়...
আমি এখনো এই পথে হাঁটছি। চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে আমার যেসব ছবি মুক্তি পেয়েছে, দর্শকদের কাছ থেকে দারুণ ইতিবাচক সাড়া পেয়েছি। যখন পুরোপুরিভাবে সফল হব, তখন আর ছোট পর্দায় কাজ করব না।
বিনোদন প্রতিবেদক