মিলন। একসময় মঞ্চে কাজ করতেন। ২০০১ সাল থেকে অভিনয় করছেন টিভি নাটকে। এখন চলচ্চিত্রে কাজ করছেন। আজ এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক থার্ড আই। এতে অভিনয় করেছেন তিনি

থার্ড আই...
রহস্যধর্মী গল্প নিয়ে নাটকটি। কয়েকটি পর্ব মিলে একটি রহস্যের জাল উন্মোচন করা হয়। এখানে আমি বেসরকারি সংস্থার একজন গোয়েন্দা কর্মকর্তা।
নাটক আর চলচ্চিত্র...
দেহরক্ষী ও পোড়ামন ছবিতে অভিনয় করে যে পরিমাণ দর্শক প্রতিক্রিয়া পেয়েছি, তা দশটা নাটকে কাজ করেও পাওয়া সম্ভব না। চলচ্চিত্রের কাজটা আমি বেশি উপভোগ করছি।
গুডবাই ছোটপর্দা...
মঞ্চনাটকের মধ্য দিয়ে আমার অভিনয় শুরু। একসময় টিভি নাটকে ব্যস্ত হয়ে পড়ি। বছর দুয়েক আগে থেকে টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছি। আর এখন চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকের কাজ করছি। সামনে চলচ্চিত্রেই পুরো মনোযোগ দেব।
চলচ্চিত্র নিয়ে আত্মবিশ্বাস...
শুরুতে এখানে চলার পথটা অতটা মসৃণ ছিল না। এখন অনেকটা সহজ মনে হচ্ছে। গত বছর দেহরক্ষী আর পোড়ামন মুক্তি পাওয়ার পর আমার হাতে এখন নয়টি ছবি। আত্মবিশ্বাস বেড়েছে। মনে হচ্ছে, আমাকে দিয়ে হবে।
এ মুহূর্তের ব্যস্ততা...
দুটি ছবির শুটিং করছি। একটি হলো বদিউল আলমের প্রেম করব তোমার সাথে আর অন্যটি স্বপন আহমেদের তবুও ভালোবাসি। এর পরই কাজ শুরু করব ইফতেখার চৌধুরীর ওয়ান ওয়ে ছবির কাজ।
মম ও মিলন...
মম আর আমি অনেকগুলো টিভি নাটকে অভিনয় করেছি। এবার আমরা চলচ্চিত্রে অভিনয় করেছি। নাম প্রেম করব তোমার সাথে। আমাদের বোঝাপড়াটা দারুণ। আশা করছি, আমাদের দুজনকে দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।
স্বপ্ন দেখি...
চলচ্চিত্রের এক নম্বর হিরো হতে চাই। সেভাবে আমি নিজেকে প্রস্তুত করছি।
বিনোদন প্রতিবেদক