‘চলচ্চিত্রের কাজ শুরু করছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজনুন মিজান। টেলিভিশনের পরিচিত মুখ। এশিয়ান টিভিতে আজ রাতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক কাঁচের ক্যানভাস।কাচের ক্যানভাস...নাটকের গল্পটা মিডিয়া-জগৎ নিয়ে। আমার চরিত্র মফস্বলের একটি ছেলের, যে মিডিয়ায় কাজ করার স্বপ্ন নিয়ে ঢাকায় আসে। এফডিসির আশপাশে ঘুরঘুর করে। অনেক জায়গায় ধোঁকা খায়। তবু সে আশা ছাড়ে না। আমার নিজের জীবনের গল্পের সঙ্গেও চরিত্রটার মিল আছে।আমার ‘অভিনেতা মাজনুন মিজান’ হয়ে ওঠা...অনেক কষ্ট করেছি। এমনও হয়েছে, কোনো নাটকে অভিনয় করেছি, খুবই ছোট চরিত্র। বাবা-মা সবাইকে নিয়ে টিভির সামনে বসেছি। নাটক শেষ হয়ে গেছে, অথচ আমার চরিত্রের দেখা নেই! পরে বুঝেছি, সেই অংশটা কেটে ফেলা হয়েছে। আবার কখনো শুটিং করতে গিয়ে দেখেছি, আমার চরিত্রটা অন্য কেউ করছে। তবু আমি কখনো আশা ছাড়িনি। বহু কষ্টের পর আজকের অবস্থানে আসা।ইদানীং ব্যস্ততা...বেশ কয়েকটি ধারাবাহিক তো করছিই। শিগগিরই একটি চলচ্চিত্রের কাজ শুরু করব। ছবির নাম দাবাড়ু, পরিচালক শামীম আহমেদ। আমি সেখানে মূল চরিত্রে অভিনয় করব।নিজেকে দেখে চমকে গেছি...মুক্তিযুদ্ধের একটি নাটক করেছিলাম। নাটকের একপর্যায়ে ৭০ বছরের বুড়োর চরিত্রে অভিনয় করেছি। বুড়োর মেকআপে নিজেকে দেখে চমকে গিয়েছিলাম।ছেলেবেলার পাগলামি...সেই ক্লাস ফোর থেকে আমি সিনেমাপাগল। গোসল করতে করতেও রেডিও শুনতাম। এমনও হয়েছে, এক হাতে রেডিও উঁচু করে ধরে পানিতে ডুব দিয়েছি! একবার কে যেন বলল, অভিনেতা হতে হলে পত্রিকা পড়তে হয়। স্কুলের দপ্তরির সঙ্গে চুক্তি করে আগের দিনের বাসি পত্রিকা জোগাড় করতাম!নিজেকে প্রথম টিভিতে দেখার পর...নাটকের নাম ছিল কাশবনের কন্যা। আমি একটি চায়ের দোকানে বসে থাকি। আমার শুধু পিঠ দেখা যায়! বাবা বলতেন, ‘তোকে তো খালি অল্প একটু দেখা যায়।’ এখন আমি কত বড় বড় চরিত্রে অভিনয় করি! বাবা দেখে যেতে পারলেন না... মো. সাইফুল্লাহ