ক থো প ক থ ন: বিউটি। গায়িকা। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরে প্রথম রানারআপ হয়েছিলেন। আজ দুপুরে বৈশাখী টেলিভিশনে গান গাইবেন তিনি

আজকের অনুষ্ঠান...
বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে গান করব। ঘণ্টা খানেকের অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। মাছরাঙা টিভিতে আজ রাতে ‘ম্যাক্সিমাস আনপ্লাগড’ অনুষ্ঠানেও আমার গান থাকবে।
শিখছি আমি...
এখন নিয়মিত গান শিখছি। চর্চা করছি। শাস্ত্রীয় সংগীতে শেখর মণ্ডল আর লালন সাঁইজির গান শিখছি শফি মণ্ডলের কাছে।
গানের বাইরে...
গান ছাড়া পড়াশোনা আর সংসার নিয়ে ব্যস্ত আছি। অবসর পেলে আশেপাশে কোথাও ঘুরতে যাই, বই পড়ি।
চলচ্চিত্রের গানে...
চলচ্চিত্রের গানে এখন একেবারেই অনিয়মিত। মাস খানেক আগে আলাউদ্দীন আলীর কথা, সুর ও সংগীতে কপোতাক্ষের কান্না ছবির গানে কণ্ঠ দিয়েছি।
অ্যালবাম ভাবনা...
পিরিতের জ্বালা অ্যালবামটি ২০১১ সালে প্রকাশিত হয়। নতুন অ্যালবামের কাজ শুরু করেছি। একটি বাদে অ্যালবামের সবকটি গানের সুর করেছেন লুৎফর হাসান, অন্যটির রাজেশ। গান লিখেছেন এম এস রানা, রবিউল ইসলাম, ইশতিয়াক আহমেদ, এ মিজান ও আহমেদ তানভীর। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
বিনোদন প্রতিবেদক