'চলচ্চিত্রের গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনাল
কোনাল

কোনাল। সংগীতশিল্পী। চ্যানেল আইয়ে আজ সন্ধ্যায় প্রচারিত হবে মান্না দে স্মরণে অনুষ্ঠান ‘এই তো সেদিন...’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তিনি।
এই তো সেদিন...
‘এই তো সেদিন’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। এই অনুষ্ঠানে গান করেছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আর ‘খুদে গানরাজ’ প্রতিযোগিতার শিল্পীরা।
মান্না দের গানের চর্চা...
আমার গানের শুরুটা মায়ের কাছে। তাঁর কাছে মান্না দের গানও শুনেছি। তবে মান্না দের গান নিয়মিত চর্চা করা হয়ে ওঠে না। আমি বলব, চর্চা ছাড়া মান্না দের গান করা একরকম দুঃসাহস। সংগীতের এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে আজ তাঁরই কিছু গান গেয়েছি।
আমার কাছে গান...
আত্মা ছাড়া দেহ যেমন, গান ছাড়া আমি তেমনি। আমার মা একসময় গান করতেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি গানের চর্চা অব্যাহত রাখতে পারেননি। মা তাঁর অধরা স্বপ্নটা আমার মধ্য দিয়ে বাস্তবায়ন দেখতে চান।
আমার স্বপ্ন...
স্বপ্ন দেখছি নারীর ক্ষমতায়ন ও শিশুদের অধিকার নিয়ে কাজ করার। পাশাপাশি একটি মিউজিক হিলিং ইনস্টিটিউট গড়ার স্বপ্ন দীর্ঘদিনের। আমার গুরু কেকা মুখার্জির কাছ থেকে এসব বিষয়ে অনুপ্রেরণা পেয়েছি।
‘জানে খোদা’...
ভালোবাসা জিন্দাবাদ ছবির ‘জানে খোদা’ গানটির জন্য অনেকেই প্রশংসা করেছেন। শুনেছি গানটির দৃশ্যধারণও নাকি চমৎকার হয়েছে। শওকত আলী ইমনের সুরে গানটিতে আমার সহশিল্পী পারভেজ। চলচ্চিত্রের গানে এখন নিয়মিত কণ্ঠ দিচ্ছি।
‘যাদু’র পর...
যাদু (২০১২) আমার প্রথম একক অ্যালবাম। এই অ্যালবামের ‘স্বপ্নডানা’ গানটির মিউজিক ভিডিও তৈরি করব। নতুন একক অ্যালবামের কাজও শুরু করছি। গীতিকার এবং সংগীত পরিচালকদের সঙ্গে আলাপ হয়ে গেছে।
 বিনোদন প্রতিবেদক