রুনা খান। মঞ্চ ও টিভির অভিনয়শিল্পী। কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রে। আজ চ্যানেল আইতে প্রচারিত হবে মাহফুজ আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। নাটকটিতে অভিনয় করছেন তিনি

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে...
নাটকটির গল্প চমৎকার! এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি, মুগ্ধ না হয়ে পারিনি। চলচ্চিত্রে মিশা সওদাগরের অনেক অভিনয় দেখেছি। অসাধারণ একজন অভিনয়শিল্পী। এই নাটকে তাঁর সঙ্গে অভিনয় করছি। নাটকে তিনি আমার স্বামী। আর আমি একজন স্কুলশিক্ষিকা।
মাগো তোমার জন্য...
এটিএন বাংলায় ধারাবাহিকটির প্রচার শুরু হলো। পরিচালক মাহফুজ আহমেদ। গত বছর কোরবানির ঈদের পর কাতারের দোহায় নাটকটির শুটিং করেছি। ২০ দিন ছিলাম। সেখানে প্রবাসী বাঙালি শ্রমিক ভাইদের বাংলা নাটকের প্রতি ভালোবাসা দেখে অবাক হয়েছি। তাঁদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
আইজকা ছুটির দিন, ভাবছি সিনেমা দেখমু...
এটি আমার একটি বিজ্ঞাপনচিত্রের সংলাপ। সংলাপটি কিন্তু দারুণ জনপ্রিয়! কাতারে শুটিং করতে গিয়ে তা টের পেয়েছি। একসময় আমিও ছুটির দিনে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে যেতাম। প্রেক্ষাগৃহে গিয়ে সর্বশেষ দেখেছি চোরাবালি ছবিটি।
চলচ্চিত্রের পথে...
আমি এখন চলচ্চিত্রের জন্য প্রস্তুত হচ্ছি। কয়েকজন পরিচালকের সঙ্গে আলাপ হয়েছে।
মঞ্চের খবর...
২০০২ সালে আমি নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দিই। এরপর সারা যাকেরের নির্দেশনায় স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ ও প্রয়াত খালেদ খানের কালসন্ধ্যা নাটকে অংশ নিয়েছিলাম। নাটকের ব্যস্ততার কারণে ২০০৫ সাল থেকে মঞ্চ থেকে দূরে সরে আছি। শিগগিরই মঞ্চে ফিরব।
বিনোদন প্রতিবেদক