কিশোর। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে ছিলেন সেরা দশে। আজ রাতে চ্যানেল নাইনে ‘মিউজিক জংশন’ অনুষ্ঠানে গান গাইবেন তিনি।

মিউজিক জংশন...
অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। আমার অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে জনপ্রিয় হওয়া কিছু গান করব। এ ধরনের অনুষ্ঠানে অনেক দিন পর গান করব।
প্রিয় অনুভব...
সংগীতে আমার গুরু কুমার বিশ্বজিৎ। প্রিয় অনুভব তাঁর নতুন একক অ্যালবাম। এই অ্যালবামের নয়টি গানের সংগীতায়োজন আর দুটি গানের সুর করেছি আমি।
কিশোরের কণ্ঠে কুমার বিশ্বজিতের প্রভাব...
ছোটবেলা থেকেই মনের অজান্তে কুমার বিশ্বজিতের গানগুলো বেশি গেয়েছি। বন্ধু আর পরিচিতজনেরা প্রায়ই বলেন, আমার কণ্ঠে নাকি তাঁর গানগুলো দারুণ মানায়।
গুরু-শিষ্য একই অ্যালবামে...
কখনো ভাবিনি কুমার বিশ্বজিতের অ্যালবামে কাজ করার সুযোগ পাব। হয়তো আমার চেষ্টার পাশাপাশি কুমার বিশ্বজিতের পছন্দের ব্যাপারটা এক হওয়ায় তা সম্ভব হয়েছে। আমার কাছে তা স্বপ্ন সত্যি হওয়ার মতো।
চলচ্চিত্রে গানে...
সাত বছরে চলচ্চিত্রের ৮০টি গানে কণ্ঠ দিয়েছি। শুধু গত বছরেই দিয়েছি ৪০টি গানে। এর মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা ছবির ‘এ হূদয় করে তোর সাধনা’ আর অন্য রকম ভালোবাসা ছবির ‘জানেমান’ গান দুটির জন্য অনেক প্রশংসা পেয়েছি। এখন তো কয়েকটি চলচ্চিত্রের গানের সুর করছি।
বিনোদন প্রতিবেদক