'চাঁদনী সন্ধ্যা'য় তারার মেলা

চলচ্চিত্রের বিভিন্ন সমিতির নির্বাচন কিংবা চলচ্চিত্রসংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও আজকাল একসঙ্গে এত তারকার সমাবেশ দেখা যায় না, যত তারকার সমাবেশ ঘটল গত শনিবার ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয়। সেদিন সেখানে আয়োজন করা হয়েছিল ‘চাঁদনী সন্ধ্যা’র। এহতেশামুর রহমান পরিচালিত শাবনাজ-নাঈম অভিনীত চাঁদনী ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তারকারা।
‘চাঁদনী সন্ধ্যা’র প্রধান অতিথি ছিলেন অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন শাবনাজ ও নাঈম জুটি। দুঃখজনক হচ্ছে, যাঁরা এতটা জনপ্রিয়, তাঁরাই অভিনয় ছেড়ে দিয়েছেন। তবে এটা শুনে ভালো লাগছে যে তাঁরা এখনো চলচ্চিত্র নিয়ে ভাবেন। চাঁদনী ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র ভিন্নমাত্রা পেয়েছে।’
১৯৯১ সালের ৪ অক্টোবর চাঁদনী ছবির মাধ্যমে শাবনাজ-নাঈম জুটির সিনেমায় অভিষেক হয়। সে হিসাবে ৪ অক্টোবর ছবিটি মুক্তির ২৫ বছর পার করেছে। এ উপলক্ষে ‘চাঁদনী সন্ধ্যা’য় এই ছবির নির্মাতা এহতেশামকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। একপর্যায়ে শাবনাজ-নাঈম অনুভূতি ব্যক্ত করেন।
শাবনাজ বলেন, ‘২৫ বছর যে কীভাবে পার হয়ে গেল, বুঝতেই পারলাম না।’
নাঈম বলেন, ‘এই ছবির জন্য আমরা আজকের শাবনাজ-নাঈম। এই ছবিটিই আমাদের দুজনকে সারা জীবনের জন্য এক করে দিয়েছে। এখন আমরা অভিনয় না করলেও এই সিনেমার কারণে আজও সম্মানিত হই মানুষের কাছে।’
চাঁদনী ছবির পরও বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেছেন শাবনাজ-নাঈম জুটি। তাঁদের অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো দিল, সোনিয়া, চোখে চোখে, বিষের বাঁশি, ফুল আর কাঁটা, আগুন জ্বলে, লাভ, অনুতপ্ত, টাকার অহংকার, সাক্ষাৎ এবং জিদ। এই জুটির একসঙ্গে অভিনীত শেষ ছবি হচ্ছে ঘরে ঘরে যুদ্ধ।
‘চাঁদনী সন্ধ্যা’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক আজিজুর রহমান। অনুষ্ঠানে এহতেশাম ও শাবনাজ-নাঈমকে নিয়ে নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। শাবনাজ ও নাঈমকে শুভেচ্ছা জানাতে দম্পতিদের মধ্যে এসেছিলেন ওমর সানী-মৌসুমী, হিল্লোল-নওশীন, শোয়েব-মৌসুমী নাগ, দীপা খন্দকার-শাহেদ আলী। চলচ্চিত্র তারকাদের মধ্যে আরও ছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, আমিন খান, আরিফিন শুভ, মিম, কেয়া, একা, শিল্পী, মুনমুন, রীনা খান, সম্রাট, ইমন প্রমুখ। এ ছাড়া অংশ নেওয়া অন্য তারকাদের মধ্যে ছিলেন আফসানা মিমি, তানভীন সুইটি, বাঁধন, সানজিদা প্রীতি, শোয়েব, ফারজানা চুমকি, মিশা সওদাগর, জায়েদ খান, সাদেক বাচ্চু, জাভেদ, সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, কণা, পরিচালক মতিন রহমান, দেবাশীষ বিশ্বাস, মুশফিকুর রহমান গুলজার, শাহীন কবির, প্রযোজক খোরশেদ আলম খসরু, এ কে এম জাহাঙ্গীর খান এবং উপস্থাপক আনজাম মাসুদ ও ফারহানা নিশো।