'চাঁদনী' ছবির রজতজয়ন্তী উদ্যাপন

এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদ্যাপন করার উদ্যোগ নিয়েছেন এই ছবির জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈম। এ উপলক্ষে কাল শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় ‘চাঁদনী সন্ধ্যায়’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম আলোর সঙ্গে আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন শাবনাজ।
শাবনাজ ও নাঈম জুটির প্রথম সিনেমা ‘চাঁদনী’ মুক্তি পায় ১৯৯১ সালের ২ অক্টোবর। সেই হিসেবে গত মাসে ছবিটি মুক্তির ২৫ বছর পার করেছে।
‘চাঁদনী সন্ধ্যায়’ এই ছবির সঙ্গে জড়িত সকল কলাকুশলী সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন শাবনাজ ও নাঈমদের সমসাময়িক এবং বর্তমান সময়ের অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলী।
প্রথম আলোকে শাবনাজ বলেন, ‘আমার ও নাঈমের জীবনে “চাঁদনী” ছবিটি একটা মাইলফলক হয়ে আছে। এই একটি ছবি দেশে ও দেশের বাইরের মানুষের কাছে আমাদেরকে পরিচিতি এনে দিয়েছে। আমাদের সেই ছবিটি ২৫ বছর পার করছে, এটা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের। আমরা সেই আনন্দটা সবাইকে সঙ্গে নিয়ে উদ্যাপন করতে চাই। আর তাই তো পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে “চাঁদনী সন্ধ্যায়” অনুষ্ঠানের আয়োজন করেছি।’
‘চাঁদনী সন্ধ্যায়’ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চলচ্চিত্রকার আজিজুর রহমান।
আঠারো বছর আগে চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছিলেন জনপ্রিয় জুটি শাবনাজ-নাঈম। এর পর তাঁদের আর কোনো ছবিতে দেখা যায়নি। ৯০ দশকের জনপ্রিয় এই জুটি এখন সংসার আর নিজেদের ব্যবসা নিয়েই ব্যস্ত।
শাবনাজ ও নাঈম জুটির প্রথম ছবি এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’। কয়েক বছরের চলচ্চিত্রে ক্যারিয়ারে তাঁরা জুটি হয়ে অভিনয় করেন বিশটির মতো ছবিতে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’।