'চার টেকে প্রথম শটটি ওকে হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়েদ খান। চলচ্চিত্র অভিনয়শিল্পী। গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর নতুন চলচ্চিত্র তোকে ভালোবাসতেই হবে। পরিচালনা করেছেন রাজু চৌধুরী। ছবিটিতে অভিনয় করেছেন জায়েদ

জায়েদ খান
জায়েদ খান

‘তোকে ভালোবাসতেই হবে’...
এটা আমার নবম ছবি। বাংলা ছবির গল্প নকল নিয়ে এখন অভিযোগের শেষ নেই। সেদিক থেকে তোকে ভালোবাসতেই হবে পুরোপুরি মৌলিক গল্পের ছবি। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এই ছবিতে আমি সহজসরল ও শান্ত প্রকৃতির ছেলে। বিপদে-আপদে অন্যকে সহযোগিতা করি। ছবিতে আমার সহশিল্পী সাহারা।
নায়ক হলাম...
ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল সিনেমায় অভিনয় করার। ঢাকায় এসে দিনের পর দিন এফডিসির গেটে দাঁড়িয়ে থাকতাম। ২০০৭ সালে মহম্মদ হান্নানের ভালোবাসা ভালোবাসা ছবিতে অভিনয় করার মধ্য দিয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটা শুরু করি।
ক্যামেরার সামনে প্রথম...
এফডিসির ৪ নম্বর ফ্লোরে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। সেদিন আমার সহশিল্পী ছিলেন শাবনূর ও এ টি এম শামসুজ্জামান। শুরুতে তাঁদের দেখে মানসিক চাপের মধ্যে ছিলাম। সবার সহযোগিতায় চার টেকে আমার প্রথম শটটি ওকে হয়।
প্রেক্ষাগৃহে প্রথম ছবি দেখা...
আমার বেড়ে ওঠা পিরোজপুরে। সেখানকার জনতা সিনেমা হলে প্রথম সিনেমা দেখি। ওয়াসিম ও অঞ্জু ঘোষ অভিনীত ছবিটির নাম নরম গরম। এবার ওই প্রেক্ষাগৃহে আমার নতুন ছবিটি মুক্তি পেয়েছে।
এখন যা করছি...
সোহেল রানা প্রযোজিত অদৃশ্য শত্রু এবং রাকিবুল ইসলাম পরিচালিত প্রেম করব তোমার সাথে ছবির কাজ করছি। সামনে মনতাজুর রহমান আকবরের লাভ ইন মালয়েশিয়া ছবিটি মুক্তি পাবে।
বিনোদন প্রতিবেদক