
প্রিয়াংকা গোপ। সংগীতশিল্পী। আজ সন্ধ্যায় ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে গান করবেন তিনি।
আজ আমার যত গান...
আমি তো নানা ধরনের গান করি। কিন্তু শাস্ত্রীয় সংগীতই আমার প্রথম ভালো লাগা। আজ শাস্ত্রীয় সংগীতই করব। সন্ধ্যার রাগ সরস্বতীর ওপর ভিত্তি করে গান গাওয়ার ইচ্ছা আছে। এ ছাড়া ছোট-বড় খেয়াল, তারানা-এগুলোও করব।
গানের অ-আ-ক-খ...
গান শেখার শুরু পাঁচ-ছয় বছর বয়সে। তখন রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ সব গানই শিখেছি। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছি। শাস্ত্রীয় সংগীত সম্পর্কে ধারণা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অসিত রায়ের মাধ্যমে শাস্ত্রীয় সংগীত সম্পর্কে জানাশোনা শুরু।
হলো না চিকিত্সক হওয়া...
একসময় চিকিত্সক হওয়ার স্বপ্ন ছিল। মেডিকেল কলেজে ভর্তির সুযোগও পেয়েছিলাম। কিন্তু তত দিনে আমার ভেতরে অনুরণন তুলেছে শাস্ত্রীয় সংগীত। ফলে, আইসিসিআরের (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন) শিক্ষাবৃত্তি নিয়ে ২০০৩ সালে পড়তে যাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলাম। এখন শিক্ষকতা করছি ঢাকা বিশ্ববিদ্যলয়ের সংগীত বিভাগে।
সুরে সুরে আবার দেখা হবে...
আমার প্রথম অ্যালবাম সুরে সুরে দেখা হবে। এটি আধুনিক বাংলা গানের সংকলন, বেরিয়েছিল ২০১১ সালে। এ বছর শাস্ত্রীয় সংগীতের ওপর একটি অ্যালবাম করার ইচ্ছা আছে।
আমার সুরের ধারণা...
শাস্ত্রীয় সংগীতের মূল জিনিসটি ঠিক রেখে আধুনিকায়ন করা দরকার। তবেই মানুষের কাছে বেশি মাত্রায় পেঁৗছাবে এ গান। এমনকি শাস্ত্রীয় সংগীতকে নাটক আর চলচ্চিত্রেও ব্যবহারের পক্ষে আমি।
এবং পরিকল্পনা...
গান নিয়ে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা নেই। আমি একটু একটু করে এগোতে ভালোবাসি। তবে পরিকল্পনার কথা বললে বলতে পারি, শিক্ষার ছোঁয়াসহ সত্যিকারের শুদ্ধ সংগীত প্রয়োগ করতে চাই।
আলতাফ শাহনেওয়াজ