‘চিত্রাঙ্গদা’র সুরূপায় লিসার কণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতের মুম্বাইভিত্তিক বাঙালিদের সংগঠন ইন্দো অক্সিডেন্টাল সিম্বায়োসিস। এরই অংশ হিসেবে রবীন্দ্রনাথের তিনটি গীতি নৃত্যনাট্য মঞ্চস্থ করা হবে। সঙ্গে থাকবে দুই বাংলার শিল্পীদের নিয়ে অনুষ্ঠান পঞ্চকন্যা ও পঞ্চপুত্র। এখন চলছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অডিও ধারণের কাজ। নৃত্যনাট্যে চিত্রাঙ্গদার দুটি রূপ—সুরূপা ও কুরূপা। এখানে সুরূপা চরিত্রে কণ্ঠ দিলেন বাংলাদেশের শিল্পী লাইসা আহমেদ লিসা। গতকাল মঙ্গলবার দুপুরে কলকাতার প্রসাদ স্টুডিওতে লিসা তাঁর ধারণকাজ শেষ করেছেন। পুরো কাজটি শেষ করতে সময় লেগেছে প্রায় তিন দিন। মুঠোফোনে গতকাল লিসা জানালেন, চিত্রাঙ্গদার সুরূপা অংশে কণ্ঠ দিয়েছেন তিনি আর কুরূপা অংশে অরুন্ধতী হোম চৌধুরী। অর্জুন চরিত্রে কণ্ঠ দিলেন শ্রীকান্ত আচার্য। এখন চলছে কোরাস অংশের ধারণকাজ। শোনা গিয়েছিল, মঞ্চে চিত্রাঙ্গদা চরিত্রে নাচবেন বডিউড তারকা ঐশ্বরিয়া রাই। তবে আয়োজকদের পক্ষ থেকে শৌভিক দাশগুপ্ত মুঠোফোনে বলেন, ‘মাত্র তো অডিওর ধারণকাজ চলছে। কাজটা অনেক বড়। পরিকল্পনার ব্যাপার আছে। কোরিওগ্রাফি চূড়ান্ত করা, শিল্পীদের সময় পাওয়া এবং টানা মহড়া—এই সবকিছুর ওপরই নির্ভর করছে।’এদিকে শোনা যাচ্ছে, নামমাত্র মহড়া করে নাকি চিত্রাঙ্গদা চরিত্রে নাচতে রাজি হননি ঐশ্বরিয়া। মহড়ার জন্য উপযুক্ত সময় দিতে পারলে তবেই চিত্রাঙ্গদা চরিত্রে নাচবেন। আয়োজকেরাও এখন এই বিষয়টিকে বিবেচনা করছেন। তা সম্ভব না হলে চিত্রাঙ্গদা চরিত্রে অন্য কোনো শিল্পীকেও নেওয়া হতে পারে। সবকিছু চূড়ান্ত হলে তবেই সংবাদমাধ্যমকে জানাবেন আয়োজকেরা।