বিকেলবেলা। এফডিসির প্রধান ফটকে মানুষের আনাগোনা কম। ফটকে দারোয়ানের অবস্থানও ঢিলেঢালা। ঢুকে যাই ভেতরে। নিত্যদিনের ব্যস্ত ৩ নম্বর ও ৪ নম্বর স্টুডিওর আঙিনার চেহারা আজ উল্টো—ফাঁকা ফাঁকা। ৮ নম্বর ফ্লোর ধরে ক্যানটিন চত্বরের দিকে এগিয়ে যাই। দূর থেকে সারিবদ্ধ একদল মানুষ চোখে পড়ল। সামনে এগোই। একই রকমের সারিবদ্ধ মানুষ জসিম ফ্লোরের সামনের রাস্তায়। দুই দলেরই সামনে ব্যানারে লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির শ্রদ্ধাঞ্জলি। এক ব্যানারের সামনে মৌসুমী আরেক ব্যানারের মাঝে শাবনূরকে দেখা গেল। বোঝা গেল, কোনো শুটিংয়ের দৃশ্য। একজনকে জিগ্যেস করলে তিনি বললেন, ‘মুসতাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা ছবির শুটিং হচ্ছে।’ পরিচালক মানিক মনিটরে বসে ক্যামেরায় দুটি শোভাযাত্রার মুখোমুখি অবস্থানকে সাজিয়ে নিচ্ছেন। ‘শাবনূর একজন বণিক সমিতির নেতা, অন্যদিকে রাজনৈতিক নেতা মৌসুমী। দুজনের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব। দুজনই সমর্থকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাবেন। ওখানে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা যাবে। এমন একটা দৃশ্য এখন ধারণ হবে।’—বললেন পরিচালক।এর মধ্যে মৌসুমী আর শাবনূরের নেতৃত্বে দুই রাস্তার মুখে দুই দল প্রস্তুত। পরিচালক ‘অ্যাকশন’ বলতেই দুই রাস্তার মোড় বরাবর শোভাযাত্রা শুরু হলো। শোভাযাত্রা এসে রাস্তার মোড়ে মুখোমুখি দাঁড়িয়ে গেল। মৌসুমী-শাবনূর দুজন দুজনের চোখাচোখি হতেই যেন তেলে-বেগুনে জ্বলে উঠলেন।’ কাট...কাট...ওকে ঠিক আছে।’—বললেন পরিচালক মানিক। ওখান থেকে বেরিয়ে গন্তব্য এবার ডাবিং কমপ্লেক্স। এখানে ঝরনা স্পটে ক্যামেরার সামনে দাঁড়ানো জায়েদ খান। শুটিং করছেন তিনি। পেছন থেকে সহকারী পরিচালক নায়িকাকে কিউ দিচ্ছেন। বলছেন, ‘তোমার চুল খোলো, তোমাকে দারুণ লাগবে।’ তৃতীয়বারে দৃশ্যটির ধারণ ওকে হলো। এক ফাঁকে জায়েদ খান বললেন, ছবির নাম আগুনের চোখে প্রেম। আজই মহরত দিয়ে শুটিং শুরু হলো। নায়িকা সিলভিয়া। পরিচালনা করছেন মুসফিকুর রহমান গুলজার। পাশে বসা ছিলেন গুলজার। ছবিটি নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। তিনি বললেন, ‘পারিবারিক সেন্টিমেন্ট এবং অ্যাকশন নিয়ে ছবির গল্প।’ ফেরার পথে ডিজিটাল কমপ্লেক্সের সামনে দেখা হলো পরিচালক এস এ হক অলিকের সঙ্গে। নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে আছেন বলে জানালেন তিনি। বললেন, ‘এক পৃথিবী প্রেম নামে মার্চে নতুন ছবির কাজ শুরু করব। দুটি গান রেকর্ডিং হয়েছে। ন্যান্সিকে দিয়ে আরেকটি গান এ মাসে করার ইচ্ছা আছে।’