‘চেতনায় আমার স্বাধীনতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বিকেলের মিষ্টি আলো পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের করিডরে। সহস্র তরুণের উপস্থিতি। প্রাতিষ্ঠানিক ভবনের সামনে তৈরি সুবিশাল মঞ্চ। মঞ্চের পেছনের ব্যানারে লেখা ‘চেতনায় আমার স্বাধীনতা’। একসময় জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের শিল্পীরা শুরু করলেন গান ‘শেষ বিকেলের আলোয় বিষাদ সন্ধ্যায়/ চলতে চলতে পথে হঠাৎ প্রশ্ন জাগে...’। করতালি আর হর্ষধ্বনিতে শেষ বিকেলটা হয়ে উঠল তারুণ্যদীপ্ত উৎসবমুখর। চলতে থাকে ব্যান্ড ও কালজয়ী দেশের গান। স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল ‘চেতনায় আমার স্বাধীনতা’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনের প্রথম পর্বে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের শব্দসৈনিকদের সম্মাননা জানানো হলো। বিকেলে ছিল সংগীতানুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি থেকে সম্মাননাপ্রাপ্ত শব্দসৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ সম্মাননাপ্রাপ্ত শব্দসৈনিকদের উত্তরীয় পরিয়ে দেন। সম্মাননাপ্রাপ্ত শব্দসৈনিকদের মধ্যে ছিলেন শিল্পী হাসিনা মমতাজ, অধ্যাপক নাসরীন আহমাদ, অনুপ ভট্টাচার্য, আকতার হুসেন, কে এম চাঁদ মিয়া, শেখ সাদী খান, জগদীশ চন্দ্র কর্মকার, শারমিন মুরশেদ, বুলবুল মহলানবীশ, রেজাউল করিম চৌধুরী, বাবুল দত্ত, তরুণ কুমার মহলানবীশ, সুবল দত্ত, শেখ জমির উদ্দিন, ইঞ্জিনিয়ার আ ম শারফুজ্জামান, আজাদ রহমান, মলয় কুমার গাঙ্গুলী, অধ্যাপক অরূপ রতন চৌধুরী, রফিকুল আলম, পরিতোষ কুমার সাহা, ফেরদৌস হোসেন ভূঁইয়া প্রমুখ। বিশ্ব নাট্য দিবস উদ্যাপিতবিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ‘বিশ্ব নাট্য দিবস’। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, শিল্পকলা একাডেমী, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদ সম্মিলিতভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রীতি সম্মিলনী, আলোচনা, স্মারক বক্তৃতা, নাচ, অ্যাক্রোবেটিক, মাইম, ক্লাউন ও নাটক পরিবেশনা। একাত্তরের সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানিয়ে বিশ্ব নাট্য দিবসের শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। শোভাযাত্রা শুরু হয় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে। দেশের সব নাট্য দলের সদস্যরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। নাট্যকর্মীরা এ সময় বিভিন্ন নাটকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন বহন করেন। শোভাযাত্রা মুখরিত ছিল ‘জয় বাংলা’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’, ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’সহ চেতনাদীপ্ত নানা স্লোগানে। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে বসে নাট্যকর্মীদের প্রীতি সম্মিলনী। এতে ঢাকা ও ঢাকার বাইরের নাট্যকর্মীরা অংশ নেন। আড্ডা আর নাটকের সংলাপে মুখর ছিল এই পর্বটি। নাট্যশালার প্রধান মিলনায়তনে আইটিআই, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিশ্ব নাট্যদিবস বক্তৃতানুষ্ঠান। বক্তৃতা করেন অধ্যাপক শফি আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। প্রধান অতিথি ছিলেন রামেন্দু মজুমদার। এ ছাড়া বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য প্রদর্শনীর। অনুষ্ঠানের স্লোগান, ‘প্রিয় স্বদেশ, প্রিয় সংস্কৃতি—আমার সত্তা, আমার স্বচ্ছতা’। দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী দিনে কথাসাহিত্যিক ও টিআইবি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল সেলিনা হোসেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল প্রথম দিন টিআইবির ঢাকা ইয়েস নাট্যদল তাদের নিজস্ব প্রযোজনা তথ্যই পথ্য পরিবেশন করে। সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, শাহীন সামাদ, ডালিয়া নওশীন, বিপুল ভট্টাচার্য, রথীন্দ্রনাথ রায়, কিরণ চন্দ্র রায় প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আজ দ্বিতীয় দিন পরিবেশিত হবে আবৃত্তি এবং প্রদর্শিত হবে ঢাকা থিয়েটারের নাটক জিয়ন্তকাল ও থিয়েটার বেইলী রোড প্রযোজিত সৈয়দ শামসুল হকের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়।