‘চেষ্টা করি দেশটা গড়ি’ স্লোগানে বন্ধুমেলা
‘চেষ্টা করি দেশটা গড়ি’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার পাবনায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বন্ধুমেলা ২০১২ উদ্যাপিত হয়েছে। শহরে দোয়েল সেন্টার মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই তারুণ্যের উৎসব। মেলায় পাবনা ও এর আশপাশের ২০টি বন্ধুসভার পাঁচ শতাধিক বন্ধু অংশ নেন। সকালে জাতীয় ও বন্ধুসভার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পাবনা বন্ধুসভার সদস্যরা ‘এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার’ ও প্রথম আলোর ‘বদলে যাও, বদলে দাও’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে আসা বন্ধুদের বরণ করে নেন। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠান-সহযোগী ইউনিভার্সেল ফুড লিমিটেডের মহাব্যবস্থাপক অচিন্ত কুমার ঘোষ, বিপণন ব্যবস্থাপক রাজিউর রহমান, প্রথম আলোর সহসম্পাদক ফেরদৌস ফয়সাল ও পাবনা বন্ধুসভার উপদেষ্টা গোপাল সান্যাল। মেলায় বন্ধুমেলার স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মনোচিকিৎসক ও লেখক মোহিত কামাল। বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মেলায় আসা বন্ধুদের ‘চেষ্টা করি দেশটা গড়ি’ শপথ করান। এ সময় তিনি বন্ধুসভার সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন ও পাবনা মেডিকেল কলেজ বন্ধুসভার আনুষ্ঠানিক ঘোষণা দেন। বক্তব্য দেন প্রথম আলোর পাবনা জেলা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ ও পাবনা বন্ধুসভার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। বন্ধুমেলায় পাবনা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, ঈশ্বরদী, নাচোল, নাটোর, রাজশাহী, বেড়া, যশোর, চাটমোহর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেহেরপুর, লালপুর, বাগমারা, বাঘা, গোদাগাড়ি ও ঢাকা বন্ধুসভার পাঁচ শতাধিক বন্ধু অংশ নেন। দিনভর তাঁদের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি ও একক অভিনয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা বন্ধুসভার সভাপতি স্বাধীন মজুমদার।