‘চৈতা পাগল’ নাটকের শততম পর্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইতে আজ চৈতা পাগল ধারাবাহিক নাটকের শততম পর্ব প্রচারিত হবে। এ উপলক্ষে আজকের পর্বটি সাজানো হয়েছে একটু অন্যভাবে। নাটকটির পরিচালক ও নাম ভূমিকায় অভিনয় করছেন মাহফুজ আহমেদ। তিনি জানান, আজ এই নাটকের শিল্পী ও কলাকুশলীরা কাজ করার অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানাবেন। নাটকটির ‘মীরা’ চরিত্রে এ পর্যন্ত অভিনয় করেছেন তিনজন। শুরুতে ছিলেন নওশীন। এরপর মৌসুমী বিশ্বাস আর এখন অভিনয় করছেন তাহসিন। তাঁদের অনেক দৃশ্যই নাটকে রাখা সম্ভব হয়নি। তেমনই কিছু দৃশ্য দেখা যাবে আজ। পাশাপাশি একই দৃশ্যে তাঁরা অভিনয় করেছিলেন—থাকছে সেগুলোও। ধারাবাহিকটির প্রথম ১৩ পর্বে অভিনয় করেছিলেন নওশীন। তিনি জানালেন, নিজের ব্যক্তিগত কিছু কারণে নাটকটিতে পরে আর কাজ করা সম্ভব হয়নি তাঁর। শততম পর্বে থাকছে তাঁর কথাও। মাহফুজ আহমেদ জানালেন, এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শেষ হয়েছে।