‘চোরাবালি’ চলচ্চিত্রে ইন্দ্রনীল
রেদওয়ান রনির চোরাবালি ছবিতে অভিনয় করবেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। অংশুমানের ছবি, অটোগ্রাফ, আরেকটি প্রেমের গল্প ও জানালা ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইন্দ্রনীল। তাঁর অভিনীত হিন্দি ছবির মধ্যে উল্লেখযোগ্য হলো, বিক্রম ভাটের ১৯২০ ও মুম্বাই সালসা। অভিনয় করেছেন কয়েকটি হিন্দি সিরিয়ালেও। সঞ্চালক হিসেবে কাজ করছেন স্টার জলসার ‘১০০০ ঘণ্টা’ অনুষ্ঠানে। ইন্দ্রনীলের মতে, তিনি এখন কলকাতার বাংলা ছবিতেই বেশি কাজ করছেন। গতকাল বুধবার সকালে ভারতের মুম্বাই থেকে মুঠোফোনে ইন্দ্রনীল জানান, মঙ্গলবার সন্ধ্যায় চোরাবালি ছবির নির্মাতাদের সঙ্গে অভিনয়ের ব্যাপারটি চূড়ান্ত করেছেন তিনি। বললেন, ‘কলকাতার বাংলা ছবিতে তো অনেক অভিনয় করছি, এবার বাংলাদেশের বাংলা ছবিতে অভিনয় করব। শুনেছি বাংলার চর্চাটা বাংলাদেশেই নাকি সবচেয়ে বেশি। চোরাবালি ছবির গল্পটা খুব পছন্দ হয়েছে, সঙ্গে আমার চরিত্রটাও। দেশের বাইরে এবারই প্রথম কাজ করব। আমি খুব এক্সাইটেড।’মুম্বাই ঘুরে এসে পরিচালক রেদওয়ান রনি বললেন, ‘আমার ছবির গল্প শুনে ইন্দ্রনীল মুগ্ধ হয়েছে। চোরাবালি ছবির গল্পের ভাবনাটি দেশীয় অপরাধজগৎ ঘিরে। ছবিতে ইন্দ্রনীল একজন পেশাদার খুনির চরিত্রে অভিনয় করবেন।’জানালেন, ছবির অন্য অভিনয়শিল্পীদের শিগগিরই চূড়ান্ত করবেন তিনি।