‘ছবি মেলা’ শুরু হচ্ছে আজ
আবারও ঢাকায় বসছে আলোকচিত্রের আন্তর্জাতিক আসর ‘ছবি মেলা’। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ছবি মেলার এই ষষ্ঠ পর্ব। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর চিত্রশালাগুলো ভরে উঠবে বিশ্বের প্রখ্যাত আলোকচিত্রীদের ছবিতে। নানা ভাবনার জন্ম আর সেসবের মিথস্ক্রিয়ায় ঋদ্ধ হবে উৎসবের প্রতিপাদ্য ‘স্বপ্ন’। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ছবি মেলার উদ্বোধনী অনুষ্ঠান। একই সঙ্গে আলিয়ঁস ফ্রঁসেজ, এশিয়াটিক গ্যালারি, ব্রিটিশ কাউন্সিল অব ফাইন আর্টস, দৃক, গ্যেটে ইনস্টিটিউট আর ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের লিচুতলায় বিভিন্ন প্রদর্শনী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোকচিত্রে বিশেষ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা জানানো হবে বাংলাদেশের নাইব উদ্দিন আহমেদ, মেক্সিকোর পেদ্রো মেয়ার এবং নাইজেরিয়ার জে ডি ওখাই ওজেইকেরে’কে। মেলার অংশ হিসেবে নয়টি কর্মশালা, গ্যেটে ইনস্টিটিউটে সপ্তাহজুড়ে প্রতি সন্ধ্যায় আলোচনা, সেমিনার ও বক্তৃতা চলতে থাকবে। এছাড়া একটি পোর্টফোলিও প্রকাশ করা হবে।গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান উৎসব পরিচালক শহিদুল আলম। তিনি বলেন, ছবি মেলার বিচিত্র আয়োজনের মধ্য দিয়ে সমসাময়িক আলোকচিত্র ঘিরে বিতর্ক আর ভাবনায় নতুন মোড় আসবে। আজকের ক্ষুব্ধ পৃথিবী সমসাময়িক আলোকচিত্রে নতুন ধারার জন্ম দিচ্ছে, দুনিয়াজুড়ে আলোকচিত্রীরা নতুন ভাষায় কথা বলছেন। মেলায় এই বিষয়গুলোই আলোচনা ও ছবির রহস্যময় জগতের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরা হবে। তিনি জানান, সাধারণ মানুষের কাছে ছবিকে নিয়ে আসা এই উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ।নাটগৌড়ের নতুন নাটক ‘ন’মানুষ’গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটগৌড়ের নতুন নাটক ন’মানুষ মঞ্চস্থ হয় । আর্জেন্টিনার লেখক হোরাসিও কিরোগার সাড়া জাগানো গল্প উয়ান দারিয়েন-এর নাট্যরূপ এটি। নাটকের সংলাপ রচনা ও নির্দেশনা ছিলেন তুহিন অবন্ত। এতে মানুষের জন্ম উৎসের বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানবসমাজে একটি পশুর বেড়ে ওঠা এবং একে ঘিরে নগরের মানুষের হাসি, কান্না, আনন্দ, দুখ-বেদনার রূপ বিবৃত হয়েছে। নাটকের শুরু ও শেষে সর্বপ্রাণবাদের জয়কীর্তন করা হয়েছে। মানবাধিকারই এই নাটকের মূল সুর। লোকজ ধারায় এই নাটকের উপস্থাপনায় অংশ নিয়েছেন ইফতেখার পলাশ, সিররুল হাসান, নাসরীন সুলতানা, রেহানা পারভিন, অমিত রায়, কুশল রায়, তাজুল হাসান, রতন হক প্রমুখ। শিশুতোষ চলচ্চিত্র উৎসবশিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিশুতোষ চলচ্চিত্র উৎসব পরিণত হয়েছে আনন্দোৎসবে। তারা সারা দিন ছবি দেখছে। দুটি প্রদর্শনীর বিরতিতে আড্ডা দিচ্ছে। ছবির তালিকা সামনে রেখে নিজেদের মধ্যে কথা বলে পরের দিন কী কী ছবি দেখবে সেই সিদ্ধান্ত নিচ্ছে। এ উৎসব চলছে ধানমন্ডির রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে। তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে টহলবাজ ফিল্ম সোসাইটি। এতে বাংলাদেশ ও রাশিয়ার যুদ্ধভিত্তিক ২৫টির মতো ছবি প্রদর্শিত হচ্ছে। আয়োজক সূত্রে জানা যায়, উৎসবে প্রবেশপত্র বিক্রির টাকা দিয়ে গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। ১৯ জানুয়ারি শুরু হওয়া উৎসবের আজ শুক্রবার শেষ দিন। আজ সকাল ১০টায় বাংলাদেশের ছবি সাদাকালা ও জংশন, দুপুর ১২টায় রাশিয়ার ছবি আলাদিনস ল্যাম্প এবং বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে শরৎ ৭১।আজ চারুবাকের আবৃত্তি-সন্ধ্যা আজ শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে চারুবাকের দ্বৈত আবৃত্তি-সন্ধ্যা আলো মাখো, ভালো থাকো। আবৃত্তি করবেন দেবাশিস রূপন ও রাজিয়া রোজী।নড়াইলে সুলতান মেলা শুরু নড়াইল প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার থেকে নড়াইলে শুরু হয়েছে ছয় দিনব্যাপী সুলতান মেলা। শিল্পগুরু এস এম সুলতানের ৮৬তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এই মেলার আয়োজন করা হচ্ছে। বেলা তিনটায় ভিক্টোরিয়া কলেজসংলগ্ন সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান। জেলা প্রশাসন ও এস এম সুলতান মেলা উদ্যাপন পর্ষদ আয়োজিত মেলার কর্মসূচিতে রয়েছে কুস্তি, কাবাডি, লাঠিখেলা, হ্যান্ডবল, ভলিবল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ গাউস, পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, পরিমল মজুমদার, আশিকুর রহমান প্রমুখ।মেলা উপলক্ষে বিশাল খোলা প্রান্তরে পসরা সাজিয়ে বসেছেন খুদে ব্যবসায়ীরা। নির্মিত হয়েছে কয়েকটি সুসজ্জিত তোরণ। রয়েছে নাগরদোলা ও দোলনা। গ্রামীণফোনের সহযোগিতায় মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।