'ছবিটা দুই দেশের দর্শকেরই দেখা উচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সৃজিত মুখোপাধ্যায়
সৃজিত মুখোপাধ্যায়
সৃজিত মুখোপাধ্যায়। রাজকাহিনী ছবির পরিচালক। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। ৫ অক্টোবর রাতে কথা হলো তাঁর সঙ্গে। তখন তিনি ছিলেন মুম্বাইয়ে। ছবি মুক্তির আগে শেষ মুহূর্তের কিছু কারিগরি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন মেহেদী মাসুদ।

কেমন আছেন?
খুব ব্যস্ত। কোথা দিয়ে যে দিন চলে যাচ্ছে, টেরই পাচ্ছি না।
মনে হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন।
ঠিকই ধরেছেন। পথে আছি। রেড চিলিতে যাচ্ছি। একটা ছোট্ট মিটিং আছে।
‘রাজকাহিনী’ তো ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে।
আমরা সম্পূর্ণ প্রস্তুত। আশা করছি, দর্শককে নতুন কিছু দেখাতে পারব।
এ ছবিতে বাংলাদেশের জয়া আহসান অভিনয় করেছেন। তাঁর সঙ্গে আপনার কবে যোগাযোগ হলো?
২০১৩ সালে, সিঙ্গাপুরে। দর্পণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ও এসেছিল আবর্ত নিয়ে আর আমি হেমলক সোসাইটি নিয়ে। ওখানে জয়ার সঙ্গে পরিচয় হয়। তখন আমি রাজকাহিনী ছবির পরিকল্পনা করছিলাম। জয়ার সঙ্গে পুরো ব্যাপারটি নিয়ে আলোচনা করি। এরপর আমি ঢাকায় আসি দেশভাগ নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণার জন্য। জয়া তখন আমাকে খুবই সহযোগিতা করেছে। অনেকের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। ওই সময় এষা ইউসুফ আর নাসির উদ্দীন ইউসুফের কাছ থেকেও সহযোগিতা পেয়েছি। আমি জয়াকে ছবিটিতে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানাই।
ছবিতে আপনি কোন অঞ্চলের ভাষা ব্যবহার করেছেন?
রাজশাহী, খুলনা, বিক্রমপুর আর নদীয়ার।
জয়ার কোনো কাজ আগে দেখেছেন?
প্রথম দেখেছিলাম তবুও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে টেলিছবি। আমি মুগ্ধ হয়েছিলাম। এরপর ওর আরও কয়েকটি কাজ দেখেছি।
‘রাজকাহিনী’ ছবিতে জয়ার কাজ কেমন লেগেছে?
জয়া তো দুর্ধর্ষ অভিনয় করেছে! এত স্বাভাবিক আর এত সাবলীল অভিনয়; ‘রুবিনা’ চরিত্রটি জয়া ছাড়া আর কেউ এভাবে ফুটিয়ে তুলতে পারত না। জয়া এখানে তাঁর সেরা কাজটুকু করেছে।
ছবির শিল্পীদের নিয়ে নাকি অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন?
হ্যাঁ, পুরো দুই মাস আমরা কর্মশালা করেছি। ওখানে সবার মধ্যে একটা বন্ধন তৈরি হয়। ওই সময় মেয়েরা লাঠিখেলা আর বন্দুক চালনা শিখেছে। পরে শুটিংয়ে তা খুব কাজে লেগেছে।
পূজায় ছবিটা ভারতে মুক্তি পাচ্ছে। ঢাকার দর্শকেরা ছবিটা কবে দেখতে পাবে?
রাজকাহিনী ছবিতে বাংলাদেশ একটা অংশ। ১৯৪৭ সালে কিছু মানুষ নিজেদের খেয়াল-খুশিমতো দেশ ভাগ করেছিল। একটি বাড়ির মাঝ দিয়ে সীমানারেখা টানা হয়। গল্পে তেমনি একটি বাড়ি আর এ বাড়ির লোকগুলোর সংগ্রামের চিত্র রয়েছে। ছবিটা দুই দেশের দর্শকেরই দেখা উচিত। আশা করছি, শিগগিরই ঢাকায় ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা হবে।
ঢাকায় কবে আসবেন?
শিগগিরই আসতে চাই। আমার বাবার বাড়ি বিক্রমপুর আর মায়ের বাড়ি ময়মনসিংহ। এবার এলে অবশ্যই এই দুটি জায়গায় যাব।