ফারিয়া। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতার প্রথম রানারআপ। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র আকাশ কত দূরে

আকাশ কত দূরে...
আমার প্রথম চলচ্চিত্র। পরিচালনা করেছেন সামিয়া জামান। কোনো দিন ভাবিনি, চলচ্চিত্রে অভিনয় করব। এটা একেবারে হুট করে সিদ্ধান্ত নেওয়া। ছবির গল্প শুনেই ভালো লেগেছিল।
শুটিংয়ের অভিজ্ঞতা...
ছবির কিছু অংশের শুটিং হয়েছিল কক্সবাজারে। একটি গানের শুটিংয়ের জন্য আমাকে চর এলকায় যেতে হবে। চারদিকে পানির কারণে যেতে পারছিলাম না। তারপর আরেকজনের সাহায্য নিয়ে সেখানে গিয়েছি। কোনো দিন পাহাড়ে উঠিনি। কিন্তু শুটিংয়ের সময় পাহাড়ে উঠেছি। অন্য রকম অভিজ্ঞতা। প্রথম ছবিতে রাজ্জাক, মিশা সওদাগরসহ চলচ্চিত্রে জনপ্রিয় শিল্পীদের সঙ্গে অভিনয় করেছি। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
প্রেক্ষাগৃহের পর্দায় নিজেকে দেখে...
আমরা ছবিটির কাজ করেছিলাম অনেক দিন আগে। তাই বড় পর্দায় দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখার জন্য উদ্গ্রীব হয়ে ছিলাম। ছবিটি প্রথম দেখে কেঁদেছিলাম।
চলচ্চিত্রে নিয়মিত অভিনয়...
ছবিতে অভিনয়ের ইচ্ছে আমার কখনোই ছিল না। নিয়মিত হব কি না, তাও ভাবিনি। তবে আকাশ কত দূরে ছবিটি মুক্তির পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। গৎবাঁধা ছবিতে নয়, ভালো গল্প আর ভালো নির্মাতাদের ছবি পেলে অভিনয় করব।
পড়াশোনা আইন বিষয়ে...
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ) আইন বিষয়ে পড়াশোনা করছি। সামনে উচ্চতর পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে।
বিনোদন প্রতিবেদক