'ছবিটি মূলত হলবিমুখ দর্শকের জন্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী, সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, সঞ্চালক সাদিয়া মেহজাবিন ও অভিনেত্রী জয়া আহসান
পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী, সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, সঞ্চালক সাদিয়া মেহজাবিন ও অভিনেত্রী জয়া আহসান

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী বলেছেন, ভালোবাসার শহর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরির সঙ্গে তাঁর ব্যক্তিজীবনের একটি অভিজ্ঞতা গভীরভাবে জড়িত। এই গল্পটি নির্দিষ্ট কোনো শহরের নয়, এই গল্প প্রতিটি শহরের। এই ছবির মাধ্যমে তিনি যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সেটি হতে পারে বিশ্ববাসীর জন্য এক সতর্কবাণী।
গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া ঢাকা লিট ফেস্টে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসার শহর-এর প্রদর্শনী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা পর্বে এসব কথা বলেন ইন্দ্রনীল। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
ছবির আলোচনা পর্বে ইন্দ্রনীল ছাড়াও উপস্থিত ছিলেন জয়া আহসান ও ভারতীয় সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীল আরও বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি মূলত হলবিমুখ দর্শকের জন্য। এ জন্য এটি ইউটিউবে আগে প্রকাশ করা হয়েছে।’
এই ছবিতে ‘আদিল’ ও ‘অন্নপূর্ণা’ নামের দুটি চরিত্রের জীবনসংগ্রাম ও নির্মম পরিণতি দেখানো হয়েছে। অন্নপূর্ণার চরিত্রে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে নির্বাচন করা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি তৈরির আগে থেকেই জয়ার সঙ্গে এ বিষয়ে অনেক আলাপ হয়েছে। আমার মনে হয়েছিল, ও (জয়া) এটির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে।’ জয়া বলেন, একজন অভিনয়শিল্পীর ভালো অভিনয় করার যে ক্ষুধা থাকে, তা এই ছবিতে অভিনয় করে অনেকটাই মেটাতে পেরেছেন তিনি। শুধু সামাজিক দায়বদ্ধতা থেকে এই ছবিটা করেছেন, এমনটা নয়। ছবির চিত্রনাট্য হাতে পাওয়ার আগে শুধু গল্প শুনেই নাকি ইন্দ্রনীলের সঙ্গে এই কাজটি করতে তিনি রাজি হয়ে যান। কারণ, তখন তাঁর মনে হচ্ছিল, এমন একটি গল্পের ছবিতে তাঁকে অভিনয় করতেই হবে। এতে অভিনয় না করার কোনো বিকল্প নেই।