'ছবিটিতে আর অভিনয় করছি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়
জয়

জয়। অভিনয়শিল্পী। অভিনয় করছেন টিভি ও চলচ্চিত্রে। পরিচালনাও করছেন। এটিএন বাংলায় আজ প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক নীড় খোঁজে গাঙচিল।
এবারের ঈদে পরিচালক জয় এবং অভিনেতা জয়...
ছয়টি নাটক পরিচালনা করেছি। এর মধ্যে পাঁচটি নাটক ঈদেই প্রচারিত হবে। এ ছাড়া বিভিন্ন পরিচালকের আরও সাতটি নাটকে অভিনয় করেছি। আমার পরিচালিত নাটকগুলোতেও আমি থাকছি। সব মিলিয়ে ঈদের ১২ থেকে ১৩টি নাটকে দর্শক আমাকে পাবেন।
যে নাটকগুলোর কথা আলাদা করে বলব...
ভেজা চোখ নামে একটি নাটক পরিচালনা করলাম। এটিএন বাংলার প্রিভিউ কমিটি নাটকটি দেখার পর আমাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছে। আরেকটি নাটক করলাম, নাম আয়নার অন্তরালে। মিডিয়ায় কাজ করছে—এমন দুই বোনকে নিয়ে নাটকটির গল্প। তাদের পথচলা, সফলতা, পরিণতি—সব মিলিয়ে গল্পটি অন্য রকম। আশা করছি, দর্শকের ভালো লাগবে।
পরিচালনা বনাম অভিনয়...
অভিনয় সব সময়ই ভালো লাগে। পরিচালনার কাজটি চ্যালেঞ্জিং, তবে এই কাজটিও আনন্দ নিয়ে করি। আমার নাটকগুলো আমি লিখি, আমি পরিচালনা করি, সব মিলিয়ে কাজটি অনেকখানি স্বয়ংসম্পূর্ণ। তবে একটির কথা যদি বলতে হয়, তাহলে বলব, অভিনয় বেশি উপভোগ করি।

যে পরিচালক প্রভাবিত করেন...
নির্দিষ্ট করে কোনো পরিচালকের নাম বলা কঠিন। আমি বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছি, করছি। তাঁদের ভালো দিকগুলো আমি গ্রহণ করতে চেষ্টা করি।
যাঁর অভিনয় মুগ্ধ করে...
দুজন অভিনেতা আমাকে সব সময় মুগ্ধ করেন—জীতু আহসান ও শহীদুজ্জামান সেলিম।
মোস্ট ওয়েলকাম টু...
ছবিটিতে অভিনয় করছিলাম। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশও নিয়েছি। তবে ব্যক্তিগত সমস্যার কারণে এই ছবিতে আর অভিনয় করছি না। ছবির প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে সমঝোতার মাধ্যমেই নিজেকে সরিয়ে নিয়েছি।
পরিবার নিয়ে ঈদ পরিকল্পনা...
একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে প্রায়ই দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়। ছুটি পেলে পরিবার সঙ্গে নিয়েও ঘুরতে চলে যাই। এবারও দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে। কোথায় যাব, এখনো চূড়ান্ত হয়নি।
চলচ্চিত্রের পরিচালক হিসেবে জয়ের আবির্ভাব...
নাটক যেহেতু পরিচালনা করছি, ভবিষ্যতে চলচ্চিত্রও পরিচালনা করার ইচ্ছা আছে। তবে এখন অভিনয়েই বেশি মনোযোগ দিচ্ছি। মামা (গাজী মাজহারুল আনোয়ার) একটি ছবি তৈরির পরিকল্পনা করছেন। সেই ছবিতে অভিনয় করব।
মো. সাইফুল্লাহ