'ছবির ট্রেইলার দেখেই মুগ্ধ হয়েছি'

‘যদিও সন্ধ্যা’...
মাস খানেক আগে ঢাকায় নাটকটির শুটিং করেছিলাম। নাটকে আমি ও রুনা খান জুটি হয়ে অভিনয় করেছি। একটু ভিন্নধর্মী গল্প। আমি দর্শকদের অনুরোধ করব, নাটকটির শেষ দৃশ্য পর্যন্ত দেখতে হবে। নাটকটি লিখেছেন শফিকুর রহমান আর পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
‘গ্যাংস্টার’...
গ্যাংস্টার আমার প্রথম চলচ্চিত্র। ছবিটির কাজ শেষ হয়েছিল। কিন্তু সম্পাদনার পর পরিচালক কিছু দৃশ্যের আবার শুটিং করছেন।
‘গ্যাংস্টার’ ছবিতে আমি...
একজন সাধারণ যুবকের অপরাধ জগতের সম্রাট হয়ে ওঠার গল্প গ্যাংস্টার। ছবিতে আমি গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছি। এরই মধ্যে ইউটিউবে ছবিটির একটি ট্রেইলার দেওয়া হয়েছে। ট্রেইলার দেখেই মুগ্ধ হয়েছি।
অভিনয়শিল্পী না হলে...
ব্যবসা করতাম। আর তা না হলে কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতাম।
যে চরিত্রে অভিনয় করতে চাই...
যেকোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় আমার পছন্দ। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার ‘অমিত’ চরিত্রটির প্রতি আমার অন্য রকম ভালোবাসা আছে। চরিত্রটিতে অভিনয়ের জন্য একরকম মুখিয়ে আছি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ’ চরিত্রটিও কিন্তু দারুণ পছন্দ।
অভিনয় ছাড়া আর যা পারি...
অনেক কিছুই পারি। যেমন গান, ছবি আঁকা, গ্রাফিকস, অ্যানিমেশন, রান্না করা, গল্প লেখা, ইন্টেরিয়র। বলতে পারেন সব কাজের কাজি আমি।
এখন যা করছি...
এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ভালোবাসার চতুষ্কোণ। বিজয় দিবসের কয়েকটি নাটকে কাজ করেছি। ২১ ডিসেম্বর যাচ্ছি যুক্তরাষ্ট্রে। ফিরে এসে ভালোবাসা দিবসের কয়েকটি নাটকের কাজ করব।
বিনোদন প্রতিবেদক