‘ছায়া নারী’ প্রভা
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কঙ্কাল’ গল্পের ছায়া অবলম্বনে নির্মিত ‘ছায়া নারী’ নাটকের মূল চরিত্র ‘ছায়া নারী’ হয়েছেন প্রভা। নাটকটির চিত্রনাট্যকার ও পরিচালক কাওনাইন সৌরভ।নাটকে অভিনয় প্রসঙ্গে প্রভা জানিয়েছেন, ‘কঙ্কাল গল্পটি আমার আগে পড়া ছিল না। তবে নাটকের শুটিং শুরুর আগে কয়েকবার পড়তে হয়েছে। একশো বছর আগের এক মেয়ের গল্প নিয়ে নাটকটি। চেষ্টা করেছি ছায়া নারী চরিত্রটি ফুটিয়ে তোলার। নাটকটির চরিত্র ফুটিয়ে তুলতে পরিচালকও আমাকে বেশ সহযোগিতা করেছেন। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’প্রভা ছাড়াও ছায়া নারী নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডেইজি আহমেদ, নওশাবা, শাহাদাত্, তাজিন প্রমুখ।রবীন্দ্রসাহিত্য-নির্ভর নাটকে প্রভা প্রথম অভিনয় করেন গত বছর। শামীম শাহেদের পরিচালনায় নাটকটির নাম ছিল ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল’। এরপর নাহিদ বাবুর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচিত গল্প ‘হৈমন্তী’ অবলম্বনে নির্মিত ‘হৈমন্তী’ নাটকেরও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রভা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ছায়া নারী’ নাটকটি। আগামী ৮ মে বুধবার রাত নয়টা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটকটি।