'ছুটির ঘণ্টা' পরিচালকের পাশে প্রধানমন্ত্রী

‘ছুটির ঘণ্টা’খ্যাত গুণী পরিচালক আজিজুর রহমানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরে চিকিৎসারত এই পরিচালকের চিকিৎসায় ২০ লাখ টাকার অর্থসহায়তা দিলেন প্রধানমন্ত্রী। গতকাল বুধবার সন্ধ্যায় দেশের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত প্রধানমন্ত্রীর দেওয়া ইফতার অনুষ্ঠান শেষে চিত্রনায়িকা শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ।
খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বেশ কয়েক মাস ধরেই গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসা খরচ বেশ ব্যয়সাপেক্ষ। তাই তাঁর উন্নত চিকিৎসায় সাহায্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত সোমবার দেখা করেছিলেন চিত্রনায়িকা শাবানা, আলমগীর, মৌসুমী, পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক। সেদিনই প্রধানমন্ত্রী গুণী এই পরিচালকের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রিয়াজ জানান, গতকাল সন্ধ্যায় ইফতারের পর গণভবনে আমি ও সাদিক ভাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আজিজুর রহমান ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য ২০ লাখ টাকার চেক তুলে দেন।
অনেক সফল ছবির পরিচালক আজিজুর রহমান ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ ছবিতে এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে সম্পৃক্ত হন। তিনি এ পর্যন্ত ৫৪টি ছবি নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’।