‘ছেলেটি’ নাম বদলে ‘আকাশ কত দূরে’
সরকারি অনুদানে নির্মিত সামিয়া জামানের নতুন ছবি ‘ছেলেটি’র নাম পরিবর্তন করা হয়েছে। ছবিটির নতুন নাম ‘আকাশ কত দূরে’।প্রথম আলো ডটকমকে পরিচালক সামিয়া জামান জানিয়েছেন, এ বছরের শেষের দিকে সুবিধাজনক কোনো এক সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।নাম পরিবর্তন প্রসঙ্গে সামিয়া জামান বলেন, শুটিংয়ের শুরু থেকে ছবিটির নাম ছিল ‘ছেলেটি’। পরে একসময় মনে হলো, ছেলেটি নামের মধ্য দিয়ে ছবিটিকে সীমিত করে ফেলা হয়েছে। কারণ, এ ছবিতে কেবল একজন নয়, অসংখ্য ছেলের জীবনের গল্প প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। ওদের আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, স্বপ্নের কথা বলা হয়েছে। আমাদের স্বপ্ন তো আকাশের সমান। তাই এখন মনে হচ্ছে, ছবিটির নাম ‘আকাশ কত দূরে’ রাখাটাই যুক্তিসংগত।সামিয়া জামান আরও বলেন, ‘ছবিটির নাম পরিবর্তন করার ব্যাপারটি প্রথম থেকেই আমাদের ভাবনায় ছিল। ছবির শিরোনাম সংগীতের কাজ করার সময় চূড়ান্ত সিদ্ধান্তও নিয়ে নিই।’ছবিটির অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘পরি’র ভূমিকায় অভিনয় করেছেন লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী ফারিয়া। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘এটা আমার প্রথম বড় পর্দার কাজ। তাই শুরুর দিকে ভয়টা কাজ করেছিল বেশি, তবে সহশিল্পী ও পরিচালকের কল্যাণে ভয়কে জয় করতে পেরেছি।’ছবিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকে অনেকেই তাঁদের ছবিতে অভিনয় করানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু তথাকথিত বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করার আগ্রহ আমার কখনোই ছিল না। পরে সামিয়া জামান আপার সঙ্গে কথা বলে ও ছবির গল্প ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছি। “আকাশ কত দূরে” ছবির কাজ করতে গিয়ে সিনেমা আর নাটকের মধ্যে যে বিরাট পার্থক্য, তা টের পেয়েছি। প্রথম ছবি হিসেবে “আকাশ কত দূরে” নিয়ে তাই আমার প্রত্যাশাটা অনেক বেশি।’ভার্সা মিডিয়া এবং ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত আকাশ কত দূরের অভিনয়শিল্পীরা হলেন: অঙ্কন, ফারিয়া, মুস্তফা প্রকাশ, রাজ্জাক, মিশা সওদাগর এবং টোকাই নাট্যদলের শিশুশিল্পীরা।