‘ছেলেটি’তে ফারিয়া নামের মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইতে শো করতে গিয়ে রাজ্জাকের নজরে এলেন ফারিয়া।সরাসরি প্রশ্ন রাজ্জাকের, ‘তুমি কী করো?’ফারিয়া সালাম জানালেন, ‘আমি লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা তিনজনের একজন হয়েছিলাম। এমনিতে পড়াশোনা করি।’রাজ্জাক খুশি হলেন। বললেন, ‘আমার মতে, প্রথম হওয়ার মতো সব গুণই তোমার আছে।’ফারিয়া একদিকে যেমন খুশি হলেন, তেমনি ভীষণ লজ্জা পেলেন। নিজের সম্পর্কে নায়করাজের মুখ থেকে এত প্রশংসা! ‘মনটাই যেন অন্য রকম হয়ে যায় সেদিন।’ বলছিলেন ফারিয়া।রাজ্জাক তাঁর পরিচালনায় নির্মিত হবে এমন একটি ছবিতে ফারিয়াকে অভিনয়ের প্রস্তাব দিলেন।ফারিয়া আরও খুশি হলেন, কিন্তু কাজটি তাঁর করা হলো না। কারণ পরিবার থেকে সিনেমায় অভিনয়ের অনুমতি মিলল না। ‘বাবা সরাসরি আমাকে বললেন, এখুনি না। পড়াশোনা করছ, সেটিই মন দিয়ে করো।’ বললেন ফারিয়া। তবে এ নিয়ে কোনো দুঃখবোধ নেই তাঁর। পরিচালক সোহেল আরমান এই তো প্রেম ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে ফারিয়ার কাছে গেলেন। ফারিয়ার পরিবারকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন। সবই ঠিক ছিল, কিন্তু বাণিজ্যিক ছবিতে কাজের পরিবেশ এবং নিজেকে মানিয়ে নিতে না-পারার দ্বিধা-দ্বন্দ্বে শেষ পর্যন্ত এ ছবিতেও আর কাজ করেননি ফারিয়া।অবশ্য বড় পর্দায় কাজ না করলেও ফারিয়া কিন্তু তত দিনে ছোট পর্দায় কাজ শুরু করেছেন ভালোভাবেই। লাক্স-চ্যানেল আই বিজয়ী তিনজনের একজন হওয়ার সুবাদেই সাইফুল ইসলাম মান্নুর চল না বৃষ্টিতে ভিজি নাটকে কাজ করেন। এরপর ঈশিতার রবে নীরবে নাটকে কাজ করেন। এভাবেই ছোট পর্দায় একাধিক কাজ করার পাশাপাশি একটি মুঠোফোনের কাস্টমার কেয়ারের বিজ্ঞাপনচিত্রে কাজ করে ব্যাপক পরিচিতি লাভ করেন।ফারিয়া যখন ছোট পর্দার একাধিক কাজ নিয়ে ব্যস্ত, সে সময়ই চ্যানেল আই থেকে ডাক আসে তাঁর। একদিন চ্যানেল আইয়ের ইবনে হাসান তাঁর মায়ের সঙ্গে সরাসরি কথা বললেন। ‘ফারিয়া আমাদের মেয়ে। একটি অনুদানের ছবি তৈরি হবে। নাম ছেলেটি। এখানে গতানুগতিক কোনো নাচ বা গান নেই। একটি ভালো ছবি হবে বলে আমরা আশা করছি। ছবিটি নির্মাণ করবেন সামিয়া জামান। ফারিয়া কাজটা করলে ভালো করবে।’ হাসানের কথায় ফারিয়ার মা রাজি হলেন। এরপর ছবির গুরুত্ব বুঝে ছবিটিতে কাজ শুরু করেন ফারিয়া। ‘আমরা একটানা কাজ করলাম। যে সময়টাতে প্রচণ্ড শীত পড়ল, ঠিক সে সময় টানা কাজ করলাম এফডিসিতে। অভিজ্ঞতা বলতে গেলে বলব যে, টানা কাজ করতে করতে হিম অ্যালার্জি সমস্যায় পড়লাম। কিছুটা অসুস্থতা বোধ করলাম। তার পরও বলব যে ছবিটির কাজ করে বেশ ভালো লেগেছে।’ বলছিলেন ফারিয়া।ছবিটি একটি ছেলেকে নিয়ে। ছোট শিশুদের দিয়ে যে অপরাধমূলক কাজ করানো হয়, সেই দলেরই একজনের চরিত্রে কাজ করছেন ফারিয়া। ছোট শিশুদের দিয়ে অপরাধমূলক কাজ করার বিষয়টি নিয়ে ফারিয়ার মনে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। ফারিয়া বলেন, ‘ছবির গল্পটাই আসলে অন্য রকম। আমার তো মনে হয় যে দর্শকের মনে ছবিটি দাগ কাটতে পারবে।’ফারিয়ার ইচ্ছা, ভবিষ্যতে তিনি ছবিতে কাজ করবেন, তবে জীবনঘনিষ্ঠ বা নান্দনিক ছবিতে কাজ করতে চান তিনি।বিনোদন ভুবনে কাজ করার ইচ্ছাটা জেগেছিল তাঁর বিপাশা হায়াতকে দেখে। ‘বিপাশা হায়াতের কাজ দেখে মনে মনে ভাবতাম, আমি যদি তাঁর মতো কাজ করতে পারতাম! তবে বিপাশা হায়াত হওয়াটা খুব সহজ নয়। তা ছাড়া তখন যে ধরনের নাটক হতো, এখন সে ধরনের নাটক কম হয় এবং সে রকম গল্প খুব বেশি পাওয়া যায় না। তার পরও আমি চেষ্টা করি ভালো কাজ করার।’ বললেন ফারিয়া।অভিনয়ের পাশাপাশি ফারিয়া আইন বিষয়ে পড়াশোনা করছেন। বললেন, ‘ইচ্ছা আছে ব্যারিস্টার হয়ে কোনো একটি প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ করার। আর অভিনয়টা যত দিন ভালো লাগবে তত দিনই করব। তবে কাজটা করতে চাই সম্মানের সঙ্গে।’