রওনক হাসান। ছোট পর্দার নিয়মিত মুখ। অভিনয় করছেন মঞ্চ ও চলচ্চিত্রেও। আজ তাঁকে দেখা যাবে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নির্মিত পাঁচ পর্বের ডিটেকটিভ নাটকে, চ্যানেল টোয়েন্টিফোরে।‘ডিটেকটিভ’ নাটকে অভিনয় করছি, ছেলেবেলায় চাইতাম...ছেলেবেলায় মাসুদ রানা ও তিন গোয়েন্দা পড়ার সময় গোয়েন্দা হতে চাইতাম।রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ডিটেকটিভ’ গল্পের নায়কের দুটি লক্ষ্য ছিল—‘স্ত্রী ও ব্যবসায়’। আমার দুটি লক্ষ্য...আমার লক্ষ্য হলো—পরিবার ও অভিনয়। চরিত্রটির সঙ্গে বেশ মিল আছে!প্রিয় ডিটেকটিভ চরিত্র...অনেক, কার কথা বলি! শার্লক হোমস, মাসুদ রানা, জেমস বন্ড আর ফেলুদা। আমাদের এই অঞ্চলের ক্ষেত্রে ফেলুদা চরিত্রকে বেশি আপন মনে হয়, তাই এই চরিত্রে অভিনয় করতে পারলে মন্দ হতো না!রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হলে যে প্রশ্নটি করতাম...আপনি এত কাজ করলেন কীভাবে? রবীন্দ্রনাথ আমার জীবনে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। তাঁর গান, কবিতা, নাটক—এগুলোর সাহচর্যে থাকি প্রতিদিন। রবীন্দ্রনাথ ছাড়া চলে না আমার।পরিচালক হিসেবে তারিক আনাম খানের বিশেষত্ব...অভিনেতা হিসেবে তিনি অসাধারণ—এটা সবাই জানেন। পরিচালক হিসেবেও দুর্দান্ত। আমি খুব সৌভাগ্যবান, তাঁর পরিচালিত ডিটেকটিভ নাটকে অভিনয় করলাম। চরিত্রের অন্তর্গত বিশ্লেষণ খুব চমৎকারভাবে করতে পারেন তারিক আনাম খান। তিনি যেভাবে সবকিছু দেখেন, তা অসাধারণ। নাটকের শুটিংয়ের প্রতি মুহূর্তে অনেক কিছু শিখেছি।‘ফেরারি ফানুস’ ছবির খবর...ফেরারি হয়ে গেছে! কিছুটা শুটিং হয়েছিল। তারপর অনিবার্য কারণে বন্ধ আছে। পরিচালকই ভালো বলতে পারবেন, কবে আবার শুটিং শুরু হবে।ক্যামেরার পেছনের আমি...আমার স্বপ্ন আছে ছবি বানানোর। চিত্রনাট্য নিয়ে কাজ করছি।‘রেডিও চকলেট রিলোডেড’ নাটকে খ্যাপাটে প্রেমিক আমি। প্রেমিকাকে কেউ কিছু বললে তেড়ে যাই। বাস্তবে যেমন ছিলাম...বাস্তবে ছিলাম পুরোই উল্টো। কষ্ট পেলে ভেতরে ভেতরে মরে যেতাম, প্রকাশ করতাম না। কিন্তু এই নাটকে আমার প্রেমিকা আমার আড়ালে নিঃশ্বাসও ফেলতে পারে না! অন্যদিকে তাকিয়ে থাকলে চিৎকার-চেঁচামেচি করি আমি! খুব বিরক্তিকর এক প্রেমিক। কিন্তু চরিত্রটিতে অভিনয় করে দারুণ মজা পাচ্ছি।আর যা যা করছি...কবুলিয়তনামা, মুম্বাসা, নোয়াশাল, বিশেষ দ্রষ্টব্য, অগ্নিপথ, আমাদের বিজয়সহ আরও কয়েকটি নাটকে অভিনয় করছি।অভিনয়ে আমার আদর্শ...সেভাবে আদর্শ কেউ নেই, তবে অনেকের অভিনয় খুব ভালো লাগে। যেমন—দেশে আছেন হুমায়ুন ফরীদি, আলী যাকের, তারিক আনাম খান। দেশের বাইরের নাসিরউদ্দিন শাহ, টম হ্যাঙ্কস, মরগ্যান ফ্রিম্যান উল্লেখযোগ্য। মাহফুজ রহমান