বিপ্লব৷ প্রমিথিউস ব্যান্ডের কর্ণধার। বিশ্ব মা দিবস উপলক্ষে একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন বিপ্লব। আজ বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে মিউজিক ভিডিওটি। পাশাপাশি দেখা যাবে প্রমিথিউসের নিজস্ব ওয়েবসাইটে।

বিশ্ব মা দিবস উপলক্ষে গান...
গানটির শিরোনাম ‘বৃদ্ধাশ্রমকে না বলো’। লিখেছি, সুর আর সংগীত পরিচালনা আমিই করেছি। গানটি তৈরি করেছিলাম গত বছর। এবার মিউজিক ভিডিওটি তৈরি করেছি।
গানটি তৈরির ভাবনা...
‘বৃদ্ধাশ্রম’ ভাবনা কিন্তু পশ্চিমা বিশ্বের কিংবা উন্নত দেশগুলোতে দেখা যায়। আমাদের পারিবারিক বন্ধনগুলো খুব মজবুত। একসময় তো একান্নবর্তী পরিবারের সংখ্যাই বেশি ছিল। ইদানীং কাজ আর পারিপার্শ্বিক কিছু কারণে একক এবং ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার বেশি দেখা যাচ্ছে। কয়েক বছর ধরে আরেকটি ব্যাপার খেয়াল করছি, আমাদের এখানে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। সেখানে আসন খালি নেই। এটা কেন হবে? তাই আমরা প্রমিথিউস থেকে একটা প্রকল্প হাতে নিয়েছি, ‘বৃদ্ধাশ্রমকে না বলুন, পিতামাতার প্রতি দায়িত্ব পালনে সচেতন হউন’। এর জন্যই গানটি তৈরি করেছি।
প্রকল্প এবং গান...
এটা কোনো এনজিওর কাজ নয়। আমরা আমাদের গানের মধ্য দিয়ে সবাইকে সচেতন করতে চাচ্ছি। প্রতিটি সন্তান যদি তাদের বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন করে, তাহলে কোনো বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না।
মিউজিক ভিডিও ‘বৃদ্ধাশ্রমকে না বলো’...
এই মিউজিক ভিডিওতে বিভিন্ন স্কুলের দেড়শ ছেলেমেয়ে অংশ নিয়েছে। পরিচালনা করেছেন এস শাহীন। আমরা সবার মধ্যে ছোটবেলা থেকেই এই মূল্যবোধ তৈরি করতে চাই। পাশাপাশি বড়দেরও বাবা-মার ব্যাপারে সচেতন হতে হবে। কোনো সন্তানের আচরণে যেন তার বাবা-মা এতটুকু কষ্ট না পান। আজ বিশ্ব মা দিবসে আমরা সবার কাছে এই আহ্বান জানাচ্ছি।
মিউজিক ভিডিওটি দেখা যাচ্ছে...
www.protubebd.com ঠিকানায় দেখা যাবে আর www.prometheusbd.com থেকে ডাউনলোড করা যাবে মিউজিক ভিডিওটি৷
বিনোদন প্রতিবেদক