‘ছোট কাকু’ আফজাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদুর রেজা সাগরের শিশুতোষ উপন্যাস কক্সবাজারের কাকাতুয়ার আলোচিত চরিত্র ‘ছোট কাকু’। এবার উপন্যাসটি নিয়ে দীর্ঘ ধারাবাহিক নির্মিত হচ্ছে। ধারাবাহিকটি পরিচালনা করবেন আফজাল হোসেন। পরিচালনার পাশাপাশি নাটকটির কেন্দ্রীয় চরিত্র ছোট কাকুতে অভিনয়ের সম্ভাবনাও রয়েছে তাঁর। আগস্টের প্রথম থেকে নাটকটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। বর্তমানে নাটকটির শুটিং পূর্ববর্তী নানা প্রস্তুতি চলছে।আফজাল হোসেন বলেন, পাঁচ-ছয় বছর আগে কক্সবাজারের কাকাতুয়া উপন্যাসটি যখন প্রকাশিত হয় তখন এর পাঁচ-ছয়টি পর্বের নাট্যরূপ দিয়েছিলাম। কিন্তু পরে আর নানা কারণে পুরো নাট্যরূপ দেওয়া সম্ভব হয়নি। এটা যেহেতু গোয়েন্দা উপন্যাস তাই নাটকটিতে সত্যিকারের আমেজটা রাখার জন্য নাট্যরূপের ভারটা দেওয়া হয়েছে শেখ আবদুল হাকিমের ওপর। উনিই পুরো ২১ পর্বের নাট্যরূপ তিনিই দিচ্ছেন।আফজাল হোসেন আরও বলেন, ‘কক্সবাজারের কাকাতুয়া উপন্যাসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কথা বলা হয়েছে। বর্তমান সময়ের কিশোরেরা যে এলাকায় থাকে তার বাইরের এলাকা সম্পর্কে তারা খুব একটা জানে না। আমরা চেষ্টা করব নাটকটির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার। যাতে বাংলাদেশের তরুণ প্রজন্ম এসব অঞ্চল সম্পর্কে সম্যক একটা ধারণা পায়।’ অভিনয়ের সম্ভাবনা কতটুকু জানতে চাইলে আফজাল হোসেন বলেন, ‘সাগর (ফরিদুর রেজা সাগর) উপন্যাসটি লেখার সময় চেয়েছিল কখনো যদি এটিকে নিয়ে নাটক নির্মিত হয় তাহলে সেটি যেন আমিই করি। উপন্যাসটি পড়ার পর অবশ্য ছোট কাকু চরিত্রটির প্রতি আমারও এক ধরনের দুর্বলতা তৈরি হয়। তবে এখন যে করব না তা কিন্তু বলছি না। ছোট কাকু নাটকটি আসলে এ সময়ের অন্য নাটকগুলোর চেয়ে একবারেই আলাদা। এখানে গল্পের বিস্তৃতি অনেক বেশি এবং ঘটনার ঘনঘটা রয়েছে। নাটকটির শুটিং পূর্ববর্তী কাজগুলো করতে গিয়ে মনে হচ্ছে পরিচালনার কাজে বেশ খাটুনি হবে। সবকিছু ঠিকভাবে গুছিয়ে উঠতে পারলে ছোট কাকু চরিত্রটি অবশ্যই করব।’ফরিদুর রেজা সাগর বলেন, উপন্যাসটি নিয়ে নাটক নির্মাণ হচ্ছে জেনে খুবই ভালো লাগছে। আফজালের পরিচালনা এবং অভিনয়ের মধ্য দিয়ে ছোট কাকু নাটকটি অনেক বেশি পরিপূর্ণতা পাবে। আশা করছি সবাই ভালো মানের একটি নাটক উপভোগ করবে। বর্তমানে নাটকটির অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই শিল্পী বাছাইয়ের কাজ শেষ হয়ে যাবে।