‘ছোটকাকু’ নিয়ে আফজাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোটকাকু’ চরিত্রটি নিয়ে ফরিদুর রেজা সাগর লিখেছেন ২২টি শিশুতোষ উপন্যাস। তারই একটি কক্সবাজারের কাকাতুয়া। এবার এই উপন্যাস নিয়ে তৈরি হবে দীর্ঘ ধারাবাহিক। এটি পরিচালনা করবেন আফজাল হোসেন। পরিচালনার পাশাপাশি ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয়ের সম্ভাবনাও রয়েছে তাঁর। নাটকটির শুটিং শুরু হবে আগস্ট মাসের গোড়ার দিকে।আফজাল হোসেন বলেন, ‘বছর পাঁচেক আগে কক্সবাজারের কাকাতুয়া উপন্যাসটির কয়েকটি পর্বের নাট্যরূপ দিয়েছিলাম। পরে নানা কারণে পুরো নাট্যরূপ দেওয়া সম্ভব হয়নি। এটা একেবারেই রহস্য গল্প। নাটকটিতে রহস্যের আবহটা পুরোপুরি ধরে রাখার জন্য এখন নাট্যরূপের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ আবদুল হাকিমকে। তিনি পুরো ১০০ পর্বের নাট্যরূপ দিচ্ছেন।’আফজাল আরও বললেন, ‘কক্সবাজারের কাকাতুয়া উপন্যাসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কথা বলা হয়েছে। এ সময়ের ছেলেমেয়েরা যে এলাকায় থাকে, তার বাইরের সম্পর্কে খুব একটা জানে না। ধারাবাহিকটির মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে তুলে ধরতে চেষ্টা করব।’অভিনয়ের সম্ভাবনার ব্যাপারে তিনি বললেন, ‘সাগরের (ফরিদুর রেজা সাগর) তো সে রকমই ইচ্ছা। উপন্যাসটি পড়ার পর অবশ্য ছোটকাকুর প্রতি আমারও এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। তবে অভিনয়ের ব্যাপারটি এখনো চূড়ান্ত করিনি। পরিচালনার কাজটা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারলে ছোটকাকু চরিত্রে অবশ্যই অভিনয় করব।’ফরিদুর রেজা সাগর বলেন, ‘আশা করছি, আফজালের পরিচালনা ও অভিনয়ের মধ্য দিয়ে ধারাবাহিকটি পূর্ণতা পাবে।’