সোহানা সাবা। অভিনয় করছেন নাটক ও চলচ্চিত্রে। আজ তাঁকে দেখা যাবে দেশ টিভিতে রেস্টুরেন্ট টোয়েন্টি ওয়ান নাটকে।একটি নাটক, তিনটি চরিত্র...রেস্টুরেন্ট টোয়েন্টি ওয়ান নামের একটি নাটক করেছি। নাটকে আমি একই সঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করেছি। তিনটি নাটকে দর্শক আমাকে তিনটি চরিত্রে দেখেন, এখানে এক নাটকেই তিন চরিত্র পাবেন!‘বৃহন্নলা’র খবর...মুরাদ পারভেজের পরিচালনায় বৃহন্নলা ছবিতে অভিনয় করব। বিভিন্ন সমস্যার কারণে আমরা এত দিন শুটিং শুরু করতে পারিনি। তবে এবার বেশ আটঘাট বেঁধে নেমেছি। শিগগিরই শুরু করব।যে চরিত্র আমাকে ঘিরে ফেলেছে...খেলাঘর ছবিতে রেহানা নামের একটা চরিত্র করেছিলাম। এই চরিত্র থেকে বের হতে আমার অনেক সময় লেগেছে। নাটকে অভিনয় করতে গিয়েও মনে হতো, আমি রেহানার চরিত্রেই আছি।ক্যামেরার সামনে প্রথম দিন...খুব ছোটবেলা থেকে নাচি, অভিনয় করি। সামনে ক্যামেরা আছে, না দর্শক আছে, সেসব নিয়ে কখনো ভাবি না। প্রথম ছবি আয়নায় অভিনয় করতে গিয়ে যখন প্রথম থার্টি ফাইভ এমএম ক্যামেরার সামনে দাঁড়ালাম, মনে হলো অনেক বড় একটা দায়িত্ব আমার কাঁধে।ফ্যাশন ডিজাইনিং...ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করেছি। আমার নিজের পোশাক পরিকল্পনা আমিই করি। এ ছাড়া চন্দ্রগ্রহণ ছবির পোশাক পরিকল্পনা করেছি, বৃহন্নলার জন্যও করছি।যে ছবি বারবার দেখেছি...যখন খুব ছোট, কেয়ামত সে কেয়ামত তাক ছবিটি বোধ হয় ১০০ বারের বেশি দেখেছি! ক্লাস সেভেন-এইটের দিকে বারবার দেখতাম বেবি’স ডে আউট আর হোম অ্যালোন। এখন আর কোনো ছবি দ্বিতীয়বার দেখা হয় না।আমার সম্পর্কে একটি গোপন তথ্য...আমার পুরো নাম কিন্তু সোহানা শারমিন সাবা। এত বড় নাম তো মানুষ মনে রাখবে না। তাই আমি আর মা মিলে ‘গবেষণা’ করে শারমিন বিসর্জন দিয়েছি! হা হা হা...সবচেয়ে বড় অর্জন...ছোটবেলায় যখন রাতে রিকশায় ঘুরতাম, আকাশে তারা দেখতে খুব ভালো লাগত। মনে হতো, আমিও একদিন তারা হব। জীবনে অপ্রাপ্তি তো থাকবেই। কিন্তু ছোটবেলায় তারা হতে চেয়েছিলাম, তারা হয়েছি।মো. সাইফুল্লাহ