ওরা কেউই পেশাদার কিংবা শৌখিন অভিনয়শিল্পী নয়। ওদের মধ্যে কেউ ভাঙারি সংগ্রহকারী, কাগজকুড়ানি, কেউ আবার ফেরি করে টুকটাক জিনিস বিক্রি করে। কিন্তু সুযোগ পেয়ে ওরা দক্ষ শিল্পীর মতোই অভিনয় করল। গতকাল শনিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এসব সুবিধাবঞ্চিত শিশুর অভিনীত দুটি নাটক হীরামণি ও আকাশকুসুম মঞ্চস্থ হয়। এ দুটি নাটক নিয়েই শুরু হলো ‘ছোট্ট ডানার উড়াল’ শীর্ষক তিন দিনব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের নাট্যোত্সব। উত্সবের স্লোগান ‘আমরাও যেতে পারি বহুদূর’। আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে এ উত্সবের আয়োজন করেছে বেসরকারি সংগঠন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)। সহযোগিতায় রয়েছে প্ল্যান বাংলাদেশ। গতকাল বিকেলে জাদুঘরের প্রধান মিলনায়তনে উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই সাভার দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মামুনুর রশীদ, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজেশ আলী খান ও প্ল্যান বাংলাদেশের কর্মকর্তা টনি মাইকেল গোমেজ। সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক মিলন বিকাশ পালন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ছিল পথশিশুদের নাটক। হীরামণি নাটকে উঠে আসে শিশুদের কল্পনার জগত্। ছোট্ট পাখি হীরামণির সঙ্গে রাখালের বন্ধুত্ব। এদিকে হীরামণিকে দেখে মুগ্ধ হয়ে তাকে পেতে চায় কুসুমপুরের রাজকন্যা। একপর্যায়ে বন্দী করে নয়, মুক্ত করে দিয়ে হীরামণির বন্ধুত্ব অর্জন করে রাজকুমারী। অন্যদিকে বাবা-মায়ের সাহচর্যহীন কিশোরী কুসুমের গল্প নিয়ে গড়ে উঠেছে আকাশকুসুম নাটকের কাহিনি। নিজের অসুস্থতার সঙ্গে পিতা-মাতার ঝগড়া ও একাকিত্ব ক্রমে অসহিষ্ণু করে তোলে কুসুমকে। তাই স্বপ্ন ভাঙার আশঙ্কাকে জয় করে সবার অগোচরে কুসুমের ছোট্ট মন সব শৃঙ্খল ভেঙে ডানা মেলে স্বপ্নের দেশে। কাল সোমবার পর্যন্ত চলবে সুবিধাবঞ্চিত শিশুদের নাট্যোত্সব। প্রতিদিন সন্ধ্যায় জাদুঘরের মিলনায়তনে নাটক দুটির প্রদর্শনী হবে।নাট্যোত্সবের শেষ দিনে ‘নারীগণ’শেষ হলো প্রাঙ্গণেমোর আয়োজিত ‘সৈয়দ শামসুল হক নাট্যোত্সব ২০১৩’। ‘জাগো বাহে কোনঠে সবায়’ স্লোগান নিয়ে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয়েছিল এ নাট্যোত্সবের। গতকাল শেষ দিনে মঞ্চস্থ হয় পালাকারের নাটক নারীগণ। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। উত্সবটি শুরু হয়েছিল ১৯ এপ্রিল।পিয়ানোতে তিন কবিগতকাল সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে সাভার-দুর্ঘটনায় হাতহত ব্যক্তিদের জন্য সাহায্য তহবিল সংগ্রহের জন্য ‘পিয়ানোতে তিন কবি’ শীর্ষক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অহর্নিশ ইভেন্ট নামের একটি প্রতিষ্ঠান এ আয়োজন করে। এতে ডি এল রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত সেনের গান গেয়ে শোনান শিল্পী নির্ঝর চৌধুরী ও ফারহিন খান। তাঁদের সঙ্গে পিয়ানো বাজিয়েছেন এহসানুল হক। রবীন্দ্রসংগীত সন্ধ্যাতরুণ প্রজন্মের রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীবের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্রে।গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্রে শুরু হয়েছিল অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্বের গান শুনিয়েছেন তিনি শ্রোতাদের। ‘আগুনের পরশমণি’ দিয়ে তিনি গানের পালা শুরু করেছিলেন। ‘এসো হে বৈশাখ’ গেয়ে তিনি গানের পালা শেষ করেছিলেন।