'ছয় ঘণ্টা পানিতে শুটিং করেছি'
ক থো প ক থ ন: মিশা সওদাগর। চলচ্চিত্রে অভিনয় করছেন দীর্ঘদিন। সবার কাছে তিনি খলনায়ক হিসেবেই বেশি পরিচিত। এবার তিনি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আজ প্রচারিত হবে চ্যানেল আইয়ে

|ধারাবাহিক নাটকে আমি...
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নাটকটির পরিচালক মাহফুজ আহমেদ। গ্রাম, মাটি আর মানুষের সম্পর্ক নিয়েই নাটকের গল্প। চলচ্চিত্রে সচরাচর আমি যে ধরনের চরিত্রে অভিনয় করি, তা থেকে নাটকের চরিত্রটি একেবারেই আলাদা। এককথায় বলা যায়, একজন সাদামনের মানুষ।
যে কারণে এ নাটকে অভিনয়...
মাহফুজ বলল, ‘মিশা ভাই, আপনার জন্য একদম অন্য রকম একটা চরিত্র রেখেছি।’ এখন ২৪টি ছবির কাজ আমার হাতে। প্রচণ্ড ব্যস্ততা। তবু নাটকটিতে কাজ করছি। কারণ, মাহফুজকে কথা দিয়ে ফেলেছি।
শুটিংয়ের অভিজ্ঞতা...
মাহফুজের পুরো দলটাই চমৎকার কাজ করে। শহর থেকে দূরে একটা সুন্দর গ্রাম্য পরিবেশে শুটিং হচ্ছে। শুটিংয়ের জন্য শৈত্যপ্রবাহের মধ্যেও সেদিন পানিতে নামতে হয়েছিল। ছয় ঘণ্টা পানিতে শুটিং করেছি।
যেদিক থেকে অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমরা এগিয়ে...
এত স্বল্প বাজেটে, স্বল্প সময়ে আড়াই-তিন ঘণ্টার বিনোদন বিশ্বের আর কোনো দেশ দিতে পারবে বলে আমার মনে হয় না। যেসব সীমাবদ্ধতা নিয়ে আমরা কাজ করি, অন্য কোনো দেশ হলে পারবে না।
এখন যে ছবির শুটিংয়ে আছি...
ছবির নাম শোধ। পরিচালক ওয়াকিল আহমেদ। আমার ওপর শোধ নেওয়া নিয়েই ছবির গল্প।
নাটকে নিয়মিত অভিনয়...
চলচ্চিত্রে এখন আমার প্রচণ্ড ব্যস্ততা। পরিচালকেরা মনে করেন, নায়ক-নায়িকা যে-ই হোক, মিশাকে তাঁদের লাগবে। নাটকে কাজ করার জন্য খুব সময় পাব বলে মনে হয় না। তবে চরিত্র খুব পছন্দ হলে করব।