'ছয় শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী আর সংগঠক অংশ নেবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইসা আহমেদ
লাইসা আহমেদ

লাইসা আহমেদ। রবীন্দ্রসংগীতের শিল্পী। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক। পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে আজ শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৩তম বার্ষিক অধিবেশন। এই আয়োজন নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের বার্ষিক অধিবেশনের জন্য পাবনাকে বেছে নিলেন কেন?
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই আয়োজন হয়। এক বছর ঢাকায় আয়োজন করা হয়, পরের বছর অন্য কোনো জেলায়। আরেকটু খুলে বললে, জোড় সংখ্যার অধিবেশন হয় ঢাকায়, বেজোড় সংখ্যারটি অন্য কোনো জেলায়। আর পাবনার শাহজাদপুরে রয়েছে রবীন্দ্র স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি।
এই কাছাড়িবাড়িতে এবার কোনো আয়োজন রেখেছেন?
হ্যাঁ, কাল শুক্রবার বেলা ১১টায় কাছারিবাড়িতে প্রীতি সম্মিলন হবে। এখানে লোকগানের স্থানীয় শিল্পীরা গান গাইবেন।

৩৩তম বার্ষিক অধিবেশনে কতজন শিল্পী অংশ নিচ্ছেন?

এবার দেশের নানা অঞ্চল থেকে ছয় শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী আর সংগঠক অংশ নেবেন।

তিন দিনের আয়োজনের মধ্যে কী কী থাকছে?

এবারের বোধন সংগীত ‘ও আমার দেশের মাটি’, আর স্লোগান ‘তোমার কোলে জনম আমার মরণ তোমার কোলে’। উদ্বোধন হবে আজ সকাল সাড়ে নয়টায়। উদ্বোধন করবেন সংস্কৃতিকর্মী রণেশ মৈত্র। তিন দিনের সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য আর গান দিয়ে। কাল শুক্রবার বিকেল চারটায় হবে সেমিনার। এবারের বিষয় ‘কৃষি ও গ্রাম উন্নয়ন এবং রবীন্দ্রনাথ’। প্রবন্ধ লিখেছেন অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ার। রবিরশ্মিতে কথা বলবেন গোলাম মুরশিদ, আসাদুজ্জামান নূর ও রামেন্দু মজুমদার। থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রদর্শনী। শিশুদের ছবি আঁকার কর্মশালা পরিচালনা করবেন মুস্তাফা মনোয়ার। থাকছে আরও অনেক কিছু।

সামনে আপনারা কী ধরনের কাজের পরিকল্পনা করছেন?

দেশের সবাই যেন ‘জাতীয় সংগীত’ সঠিকভাবে গাইতে পারে, সে চেষ্টাই করে যাচ্ছি আমরা। বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপন করার জন্য যে গান আর কবিতাগুলো ব্যবহার করা হয়, সেগুলো স্কুলের শিক্ষার্থীদের শেখাতে চাই। শিশুমনকে আমরা স্বদেশ ভাবনায় উদ্বুদ্ধ করতে চাই।

বিনোদন প্রতিবেদক