‘জঞ্জির’ রিমেকে গাইবেন প্রিয়াংকা
১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ী অভিনীত ব্লক ব্লাস্টার হিট ছবি ‘জঞ্জির’। এবারে ছবিটির রিমেক তৈরির কাজে হাত দিয়েছেন ‘এক আজনবি’খ্যাত বলিউডের চিত্র নির্মাতা অপূর্ব লাখিয়া। ছবিটিতে ‘মালা’ চরিত্রে অভিনয়ের পাশাপাশি পুরো একটি গানে কণ্ঠ দেবেন প্রিয়াংকা চোপড়া। আর এটিই হবে তাঁর কণ্ঠের প্রথম চলচ্চিত্রের গান। এক খবরে মুম্বাই মিরর জানিয়েছে, প্রিয়াংকার গায়কি প্রতিভায় মুগ্ধ পরিচালক অপূর্ব। এজন্যই তিনি ‘জঞ্জির’ রিমেকে প্রিয়াংকার কণ্ঠের গান রাখতে চান। অবশ্য এর জন্য কোনো তাড়াহুড়ো নয়, প্রিয়াংকার প্রথম আন্তর্জাতিক অ্যালবামটির কাজ শেষ হওয়ার পরই সুবিধা মত সময়ে ছবির গানটির রেকর্ডিং করা হবে বলে জানিয়েছেন তিনি। মূল ‘জঞ্জির’ ছবির একটি গান প্রিয়াংকার কণ্ঠে রেকর্ড করার প্রস্তাব দেয়া হলে তিনি রাজি হননি। তিনি চাইছেন, মৌলিক কোনো গানে কণ্ঠ দিতে। ছবির পরিচালকও তাঁর ইচ্ছের সঙ্গে সুর মিলিয়েছেন। প্রিয়াংকা তাঁর প্রথম আন্তর্জাতিক অ্যালবামের কাজে হাত দেয়ার পর থেকেই হিন্দি ছবিতে প্লেব্যাক করার প্রস্তাব পেয়ে আসছেন। কিন্তু চুক্তি অনুযায়ী, অ্যালবামটি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত প্রিয়াংকার কণ্ঠের গান গণমাধ্যম কিংবা মঞ্চে পরিবেশিত হতে পারবে না। এ ছাড়া, প্লেব্যাকশিল্পী হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে একটু বেছে বেছেই কাজ হাতে নিতে চেয়েছিলেন প্রিয়াংকা। উল্লেখ্য, এর আগে প্লেব্যাক করেছেন এমন অভিনেত্রীদের মধ্যে রয়েছেন রেখা (‘খুবসুরত’), শ্রীদেবী (‘চাঁদনি’), মাধুরী দীক্ষিত (‘দেবদাস’), জুহি চাওলা (‘ভূতনাথ’) এবং কারিনা কাপুর (‘কুরবান’)।