‘জবস’ ছবির মুক্তি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘জবস’ মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের ১৯ এপ্রিল। কিন্তু ছবিটির প্রচারণার প্রয়োজনে আরও সময় লাগবে বিধায় এর মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। অ্যাপল কম্পিউটারের যাত্রার ৩৭ বছর পূর্তি উপলক্ষে ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছিল ১৯ এপ্রিল। কিন্তু সম্প্রতি এর মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ এখন পর্যন্ত চূড়ান্ত করেননি নির্মাতারা। এক খবরে এমনটিই জানিয়েছে ‘দ্য হলিউড রিপোর্টার’। ‘জবস’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচার। ম্যাথিউ হোয়াইটলির রচনায় ছবিটির পরিচালক জসুয়া মাইকেল স্টার্ন। চলতি বছরের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উত্সবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।‘জবস’ ছবিতে স্টিভ জবসের জীবনের নানা অধ্যায় চিত্রিত করা হয়েছে। ছবিটির কিছু অংশের শুটিং হয়েছে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জবসের পারিবারিক বাড়ির গ্যারেজে। এখানেই প্রথম দোকান খুলেছিলেন তিনি। কলেজ থেকে বিতাড়িত জবস পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম সফল কম্পিউটার উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আইফোন, আইপ্যাডসহ নানা ধরনের জনপ্রিয় প্রযুক্তিপণ্য তৈরি করে হইচই ফেলে দিয়েছিলেন মেধাবী এ প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান স্টিভ জবস।