'জল শ্যাওলা'র শুটিং শুরু
‘জল শ্যাওলা’-এর মহরত হয়ে গেল। আজ থেকে এফডিসিতে শুরু হয়েছে শুটিং। শিশুতোষ এ ছবিটি পরিচালনা করেছেন পরিচালক জেসমিন আক্তার। এতে অভিনয় করেছেন সায়মন সাদিক ও নবাগতা নায়িকা মানসী প্রকৃতি। টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের প্রযোজনায় প্রথম সিনেমা এটি।
মহরত অনুষ্ঠানে পরিচালক বলেন, ‘ছবির প্রতিটি চরিত্রের রূপকের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত ও শোষিত শ্রেণির মানুষের গল্প বলার চেষ্টা করা হয়েছে। শিশুতোষ চলচ্চিত্র হিসেবে এটি সবার দৃষ্টি কাড়বে বলে আশা করছি।’ গতকাল মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির কলকাতার প্রযোজক ও পরিচালক পীযূষ সাহা, টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মুন্নী হোসেন, পরিচালক শাহিদুল হাসান, গীতিকার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুসফিকুর রহমান গুলজার প্রমুখ।
ছবিটিতে আরও অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, রেহেনা জলি, রিপন খান, সীমান্ত, জিসান, সুজন মাজাহার, অপ্সরা মনি, মাস্টার ইমন, রাজু অনিক, তানিশা, তানভীর প্রমুখ। আসাদুজ্জামান বাবলুর গল্পে সিনেমাটিতে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূঁইয়া।