‘জাগরণের গান’ অ্যালবামে সাবিনা ও কনকচাঁপার গান
১০ ডিসেম্বর জাগরণের গান ২ অ্যালবামের মোড়ক খোলা হবে। এই অ্যালবামের জন্য আলাউদ্দিন আলীর সুর ও সংগীত পরিচালনায় পাঁচটি গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন। এই সব কটি গানের গীতিকার শামসুর রাহমান। গানগুলো হলো ‘স্বজন হারানো’, ‘সকলের পাতে দুমুঠো অন্ন’, ‘এই দেশের মাটি’, ‘এই যে আমার খুকি’ ও ‘স্বপ্নে আমার যে দেশ’। এ ছাড়া নয়ীম গহরের লেখা ‘জন্ম আমার ধন্য হলো’ গানটিও গেয়েছেন সাবিনা। তবে এ গানটির সুর করেছেন আজাদ রহমান, সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী।কনকচাঁপা গেয়েছেন কাজী রোজীর লেখা ‘ওই পতাকা আমার’, মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ‘নদী নিরবধি’ ও কবির বকুলের লেখা ‘যে দেশেতে শহীদ মিনার’। এই তিনটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মইনুল ইসলাম খান।১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আয়োজন করা হয়েছে ‘জাগরণের গান উৎসব’। এই অনুষ্ঠানেই জাগরণের গান ২ (গণসংগ্রামের গানের সংকলন) অ্যালবামের মোড়ক খোলা হবে। স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র তৈরি করেছে অ্যালবামটি। বাংলালিংকের পৃষ্ঠপোষকতার পাশাপাশি এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও।