‘জাগো বাহে কোনঠে সবায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিনার কিংবা গোলটেবিল বৈঠকে ঘরভরা লোকসমাগম সাধারণত খুব বেশি হয় না। তবে গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার হলে আয়োজিত ‘কালের যাত্রায় সৈয়দ শামসুল হক-এর নাটক’ শীর্ষক সেমিনারে ছিল সবগুলো আসন পরিপূর্ণ। সেমিনারে আমন্ত্রিত বক্তারা তো ছিলেনই, কক্ষজুড়ে ছিল নাট্যকর্মীদের ভিড়।‘জাগো বাহে কোনঠে সবায়’ স্লোগান নিয়ে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় চলছে নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর আয়োজিত ‘সৈয়দ শামসুল হক নাট্যোৎসব ২০১৩’। এই প্রথমবারের মতো শুধু সৈয়দ শামসুল হকের নাটক নিয়ে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিল উৎসবরে ষষ্ঠ দিন। এদিন কোনো নাটকের প্রদর্শনী ছিল না। কর্মসূচিতে ছিল সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বিকেল চারটায় জাতীয় নাট্যশালার সেমিনার হলে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। আলোচনায় অংশ নেন আতাউর রহমান, আলী যাকের, সারা যাকের, তারিক আনাম খান, গোলাম সারোয়ার, আমিনুর রহমান, অনন্ত হীরা প্রমুখ। সেমিনারের শুরুতে সাভারে ভবনধসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।মূল প্রবেন্ধ মফিদুল হক সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরলদীনের সারাজীবন, এখানে এখন—এসব নাটক নিয়ে আলোচনা করেন।পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘নাট্যকার সান্নিধ্য’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সৈয়দ শামসুল হকের উপস্থিতিতে তাঁরই সৃষ্ট বিভিন্ন নাটকের চরিত্রগুলো তুলে ধরা হয়। এই পর্বের শুরুতেই নাগরিক নাট্যসম্প্রদায় পরিবেশন করে নূরলদীনের সারাজীবন নাটকের অংশবিশেষ। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটকের নূরলদীন নামের প্রধান চরিত্রে অনবদ্য অভিনয় করেন আলী যাকের। শোষণের বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে তার কণ্ঠে ধ্বনিত হয় ‘জাগো বাহে কোনঠে সবায়’। এ ছাড়া নাটকে আব্বাস চরিত্রে রূপ দিয়েছেন আসাদুজ্জামান নূর। গুড ল্যাড চরিত্রে আতাউর রহমান ও লিসবেথ চরিত্রে অভিনয় করেছেন সারা যাকের। এ ছাড়া অনুষ্ঠানে আরও দেখানো হয় আরেক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়-এর অংশবিশেষ। এই প্রযোজনাটিতে মাতবরের মেয়ের চরিত্রের অংশবিশেষ উপস্থাপন করেন ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার। এখানে এখন নাটকে একটি বিশেষ চরিত্রের অংশবিশেষ রূপায়ণ করেন তারিক আনাম খান। মুখোশ নাটকের স্ত্রীর চরিত্রটি উপস্থাপন করেন নিমা রহমান। এ ছাড়া সৈয়দ শামসুল হকের আরও কয়েকটি নাটকের বিভিন্ন চরিত্রের অংশবিশেষ রূপায়ণ করেন খালেদ খান, লাকী ইনাম, খায়রুল আলম, শান্তা ইসলাম, বিপাশা হায়াত ও আফসানা মিমি। সব মিলিয়ে এই আয়োজনটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যজন মামুনুর রশীদ।শেষে ছিল আবৃত্তি পরিবেশনা। এই পর্বে সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেন হাসান আরিফ ও ইশরাত নিশাত। এ ছাড়া সৈয়দ শামসুল হক তাঁর নির্বাচিত রচনা থেকে পাঠ করেন।আজ উৎসবে প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করবে অনন্ত হিরা নিদের্শিত নতুন কাব্যনাট্য ঈর্ষা। আগামীকাল ২৭ এপ্রিল সমাপনী দিন পালাকার মঞ্চস্থ করবে নারীগণ।মুখোশ প্রদর্শনীর সময় বাড়লনানা রং ও ভঙ্গিমার মুখোশ নিয়ে গুলশানের নিকেতনে গ্যালারি জলরংয়ে চলছে ‘বাংলাদেশের মুখোশ’ নামের প্রদর্শনী। এই প্রদর্শনী ৩০ জন শিল্পীর ঐতিহ্যবাহী ও আধুনিক উভয় ধারার মুখোশ দিয়ে সাজানো হয়েছে। গ্যালারি জলরংয়ের আয়োজনে গত ৮ মার্চ থেকে ২ এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত মুখোশ নির্মাণ কর্মশালায় তৈরি করা মুখোশ এবং দেশের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ঐতিহ্যবাহী মুখোশ রয়েছে এই প্রদর্শনীতে। দৃষ্টিনন্দন বিচিত্র ধরনের বর্ণিল মুখোশগুলো নির্মিত হয়েছে কাঠ, লোহা, প্লাস্টার, পিতল, কাপড়, সুতা, পোড়ামাটি, সিরামিক, কাচ, কাগজ, শোলাসহ বিভিন্ন উপাদানে।গ্যালারি জলরং আয়োজিত এই প্রদর্শনীর সময় বাড়ানো হয়েছে। সে কারণে ৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।