'জাতিস্মর' ছবিতে কাজই করতে চাননি কবীর সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবীর সুমন
কবীর সুমন

সেরা সংগীত পরিচালক হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কবীর সুমন। অথচ যে ছবির জন্য এই পুরস্কার, সেই জাতিস্মর ছবিতে নাকি কাজই করতে চাননি তিনি। পরিচালক সৃজিত কিন্তু আশা ছাড়েননি। পিতৃতুল্য মানুষটিকে সংগীত পরিচালনায় রাজি করানোর চেষ্টা চালিয়েই গেছেন। অবশেষে সম্মতি মিলেছিল। আর মিলেছিল বলেই এই শিল্পী পেলেন তাঁর যোগ্যতার পুরস্কার।
সবাই ইতিমধ্যে জেনে গেছেন, পশ্চিমবঙ্গে তৈরি জাতিস্মর ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল চারটি ক্যাটেগরিতে। এর মধ্যে ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য সেরা পুরুষ সংগীতশিল্পী হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন রূপঙ্করও। মজার ব্যাপার হলো, ‘এ তুমি কেমন তুমি’ গানটি প্রথমে দিতেই চাননি সুমন। রূপঙ্কর যখন গানটি তুলছিলেন, তখন পছন্দ না হওয়ায় সুমনের অনেক তিরস্কারও সহ্য করতে হয়েছে রূপঙ্করকে। পুরস্কার ঘোষণার পর সুমন বলেছেন, ‘রূপঙ্কর যে পুরস্কার পেয়েছেন, তার জন্য আমি খুব খুশি। আশা করি, উনি এবার আমাকে ক্ষমা করবেন।’
পুরস্কার পাওয়ার আনন্দ তো আছেই, তবু কবীর সুমন জানিয়ে দিতে ভুললেন না, স্রেফ রাজনীতির কারণে একটি ছবি থেকে তাঁর গান বাদ দেওয়া হয়েছিল। সৃজিতও যেন কবীর সুমনকে সংগীত পরিচালক হিসেবে না নেন, সে জন্যও একের পর এক প্রযোজক সৃজিতের ওপর চাপ দিয়েছিলেন। সৃজিত সে চাপের কাছে মাথা নোয়াননি বলেই তাঁর ছবির জয়জয়কার এবারকার চলচ্চিত্র পুরস্কারে।
ভারতের ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা দেওয়া হলো গত বুধবার। এবেলা।