'জাতীয় সংগীতের সুর নিয়ে বিতর্ক আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপন মাহমুদ
তপন মাহমুদ

তপন মাহমুদ। রবীন্দ্রসংগীতশিল্পী, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি। রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২তম প্রয়াণ দিবস স্মরণে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজন করেছে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান
‘...বন্ধু হে আমার’।|
‘...বন্ধু হে আমার’
প্রতিবছর আমরা বাইশে শ্রাবণেই অনুষ্ঠানটির আয়োজন করি। কিন্তু এ বছর ঈদ ও রমজান মাসের কারণে পিছিয়ে দিতে হয়েছে। তাই আজ আমরা কেবল সংগীতানুষ্ঠানই রেখেছি এই আয়োজনে।
যাঁরা গাইবেন...
এবার নতুন-পুরোনো মিলিয়ে মোট ৩০ জন শিল্পী একক গান পরিবেশন করবেন। আরও থাকছে ৭০ জন শিল্পীর পরিবেশনায় সম্মেলক গান।
ঐ নূতনের কেতন ওড়ে...
আমরা প্রতিবছরই নতুন প্রতিভাবান শিল্পীদের গান গাওয়ার সুযোগ করে দিই এই আয়োজনে। আমরাও একসময় নতুন শিল্পী ছিলাম। কালের পরিক্রমায় পুরোনো হয়েছি। আমাদের সময় টেলিভিশন চ্যানেল ছিল কেবল একটি। তাই আমরা পরিচিতিও পেতাম সহজে। কিন্তু এখন অনেক চ্যানেল। নতুন শিল্পীরা হয়তো অনেক চ্যানেলেই গান করেন, কিন্তু সহজে নজর কাড়তে পারেন না। এ কারণেই নতুন শিল্পীদের পরিবেশনার সুযোগ রাখছি।

জাতীয় সংগীতের সুর...
আমাদের জাতীয় সংগীতের সুর নিয়ে বিতর্ক আছে। তাই আমরা চেয়েছিলাম সম্মিলিতভাবে শুদ্ধ সুরে যেন গানটি গাওয়া হয়; বিশেষ করে স্কুলগুলোতে। বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গেও আলোচনা করেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীও বিষয়টি নিয়ে কাজ করছে। এখন সরকার যদি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে শুদ্ধ সুরে জাতীয় সংগীত গাওয়ার বিষয়টি সবার সামনে তুলে ধরে, তাহলে আমরা খুশি হব। সেই অপেক্ষায় আছি আমরা।
প্রেম ও প্রকৃতির গান...
ইচ্ছা ছিল এ বছরই বাইশে শ্রাবণে আমার অ্যালবাম উপহার দেব শ্রোতাদের। কিন্তু নানা কারণে আর হলো না। তবে অর্ধেক কাজ এগিয়েছে। এবার আমি রবীন্দ্রনাথের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ২৪টি গান রাখছি এই অ্যালবামে। আশা করছি, মাস দুয়েকের মধ্যেই অ্যালবামটি শ্রোতাদের হাতে দিতে পারব।
 মাহফুজ রহমান